দলে থাকতে ৪০ কোটি বেতন চাই! আইপিএল নিলামের আগে অবিশ্বাস্য দাবি তারকা ক্রিকেটারদের

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ বেতন কত? ২০২৫-র মহা নিলামে ঋষভ পন্থকে রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এই টাকাও তুচ্ছ। ৪০ কোটি টাকা চাই! তবেই থাকবেন নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে। এবার মিনি নিলামের আগে অনেক তারকা ক্রিকেটারই এরকম অবিশ্বাস্য দাবি করে বসেছেন।
আগামী ১৬ ডিসেম্বর আইটিসি গ্র্যান্ড গোয়ায় নিলাম হবে। ১৭ নভেম্বর রিটেনশনের ডেডলাইন বলে জানানো হয়েছে। তার মধ্যে সব দলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। এবার যেহেতু মিনি নিলাম, তাই স্লট কম। প্রতি দল ৫-৬ জনের বেশি প্লেয়ার নেবে না। তাই টাকা ওড়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই সুযোগে ঝোঁপ বুঝে কোপ মারতে তৈরি অনেক ক্রিকেটার।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, আইপিএলের কিছু তারকা ক্রিকেটার তাঁদের রিটেনশন ফি হিসেবে ৪০ কোটি টাকা চেয়ে বসেছেন। তাঁরা নিজেদের ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন, এই পরিমাণ টাকা দিলে তবেই দলে থাকবেন। তাঁদের মনে হয়েছে, বর্তমান রিটেনশন ফি’র থেকে নিলামে অনেক বেশি টাকা পেতে পারেন। তাই অনেক ক্রিকেটারই এই পদক্ষেপ নিতে পারেন। বর্তমানে একটি দলের জন্য মোট বরাদ্দ থাকে ১২০ কোটি টাকা। আগামী বছর সেটা বেড়ে ১৫০ কোটি টাকা হতে পারে। ফলে তারকা ক্রিকেটাররা ২০২৭-র নিলামে বেশি টাকা পেতে পারেন। তাই এখন থেকেই চাপ বাড়ানোর কাজ শুরু করছেন। তবে কারা সেই ক্রিকেটার, তা জানানো হয়নি।
উল্লেখ্য, ইতিমধ্যে প্লেয়ার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর সেটা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের প্লেয়ারদের নাম জানাতে হবে। তার দু’দিন পর অর্থাৎ ৩ ডিসেম্বর সেই নাম প্রকাশিত হবে। সাধারণত, একটা মরশুম শেষ হওয়ার একমাস পর থেকে ট্রেড উইন্ডো শুরু হয়। যা নিলামের একসপ্তাহ আগে পর্যন্ত চলে। তবে এখনও ২০২৭-র আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে এবার মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু হতে পারে।
শেয়ার
লিংক



