আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিল বিশ্বকাপের পর থেকেই। তাতেই এবার শিলমোহর পড়ল। ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘোষণার মধ্যে দিয়েই পর্তুগালের হয়ে একাধিক রেকর্ডগড়া ২৩ বছরের কেরিয়ারের ইতি টানলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘হে পর্তুগালের মানুষ, আমার জাতীয় দলের সাত নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। জার্সিটি কখনোই শুধু আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য আমার হয়েছে সেই জন্য আমি ক্রিড়ামোদি মানুষের কাছে কৃতজ্ঞ।’ নিজের সেরাটা দেশের জন্য উজাড় করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সমর্থক, সতীর্থ, কোচ এবং পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, পর্তুগাল সবসময় তাঁর হৃদয়ে থাকবে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
View this post on Instagram
জেনে নিন রোনাল্ডোর ফুটবল জীবন সম্পর্কে …
২০০৩ সালের অগাস্টে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। তারপর থেকে দীর্ঘ ২৩ বছর দেশের জার্সিতে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে মোট ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। তাঁর ঝুলিতে রয়েছে ১৪৬টি গোল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বাধিক গোল করার নজিরও রয়েছে তাঁর দখলে। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবার ইউরো কাপ জেতে পর্তুগাল। এছাড়াও ২০১৯ এবং ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে দল। সব মিলিয়ে দেশের হয়ে তিনটি বড় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন এই মহাতারকা।
রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায় অবশ্য একেবারেই মসৃণ ছিল না। পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। অভিযোগ, নরওয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে সুযোগ না পাওয়া এবং কোচের প্রতিশ্রুতি ভঙ্গের জেরেই অসন্তুষ্ট হন রোনাল্ডো। এমনকী ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে জাতীয় দলের শিবিরও ছেড়ে চলে যান তিনি।পরবর্তীতে দীর্ঘ বিবৃতিতে রোনাল্ডো দাবি করেন, কোচ তাঁকে ৩০ মিনিট খেলানোর কথা বললেও শেষ পর্যন্ত মাঠে নামাননি। এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছিলেন বলেও জানান। পাশাপাশি সমর্থকদের সঙ্গে যথাযথভাবে দেখা না করার জন্য ক্ষমাও চান। অন্যদিকে, কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তৈরি হওয়া বিতর্কও থামেনি।
The post আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



