0%

২০২৭ সালের আইজল আন্তর্জাতিক হাফ ম্যারাথনে ৫ হাজার দৌড়বিদের লক্ষ্যমাত্রা, পুরস্কারমূল্য ২০ লক্ষ টাকা

আইজল, ৫ নভেম্বর : ২০২৭ সালের তৃতীয় আইজল আন্তর্জাতিক হাফ ম্যারাথনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে মিজোরাম সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৭ আইজলের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের লক্ষ্য, ভারত-সহ বিভিন্ন দেশের ৫ হাজারেরও বেশি দৌড়বিদকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো।

অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)-র স্বীকৃত এই প্রতিযোগিতায় মোট ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার মিজোরামের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী লালনঘিংলোভা হামার এই ঘোষণা করেন।

আধিকারিকরা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে এই ম্যারাথন। ২০২৫ সালের এপ্রিলে প্রথম প্রতিযোগিতায় প্রায় ১,৫০০ জন অংশগ্রহণ করেছিলেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সংস্করণে অংশ নেন প্রায় ৩,০০০ দৌড়বিদ। তাঁদের মধ্যে কেনিয়া, ইথিওপিয়া, বাহরিন, ব্রিটেন এবং ফ্রান্সের ১৬ জন আন্তর্জাতিক অ্যাথলিটও ছিলেন।

মিজোরাম সরকারের আধিকারিকদের মতে, ২০২৭ সালের প্রতিযোগিতায় অভিজাত অ্যাথলিটদের পাশাপাশি অপেশাদার দৌড়বিদ, আন্তর্জাতিক প্রতিযোগী, এনসিসি ক্যাডেট, পড়ুয়া এবং ফিটনেসপ্রেমীদের অংশগ্রহণের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় মোট পাঁচটি বিভাগ থাকবে—২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার ওপেন রেস, ৫ কিলোমিটার ফান রেস, জুনিয়র রেস এবং সিনিয়র/ভেটেরান রেস।

ম্যারাথনকে মিজোরামের গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে মন্ত্রী লালনঘিংলোভা হামার বলেন, এই প্রতিযোগিতা ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাথলিট, যুবসমাজ এবং সাধারণ মানুষের মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। যুবসমাজের ক্ষমতায়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পর্যটন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

এদিকে, ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস আইজল আন্তর্জাতিক হাফ ম্যারাথন ২০২৭-এর অন্যতম পৃষ্ঠপোষক হতে সম্মতি জানিয়েছেন। নয়াদিল্লিতে মিজোরামের ক্রীড়ামন্ত্রী এবং ম্যারাথনের কিউরেটর ক্যাপ্টেন রাহুল বালির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সাপেক্ষে এনসিসি ক্যাডেটদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং আতিথেয়তাকে তুলে ধরার লক্ষ্যে এই ম্যারাথনকে বড়সড় স্পোর্টস ট্যুরিজম উদ্যোগ হিসেবেও গড়ে তোলা হচ্ছে।

এক আধিকারিক জানান, হাজার হাজার দৌড়বিদের পাশাপাশি তাঁদের সঙ্গে আসা পর্যটকদের উপস্থিতিতে স্থানীয় হোটেল, হোমস্টে, রেস্তোরাঁ, পরিবহণ পরিষেবা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং হস্তশিল্পীদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত তিন দিনের আইজল আন্তর্জাতিক হাফ ম্যারাথন এক্সপোরও আয়োজন করা হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিব এক্সপো। সেখানে প্রতিযোগীদের রেস-কিট বিতরণ, স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত প্যাভিলিয়ন, সহযোগী সংস্থাগুলির প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

মিজোরাম সরকার এবং ইনোভেশনস ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার থিম রাখা হয়েছে—‘ভারতকে সংযুক্ত করা, মিজোরামের উন্নয়ন এবং খেলাধুলার ক্ষমতায়ন’। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ক্যালেন্ডারে আইজলকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker