0%

মুক্ত বাণিজ্য চুক্তি ও ব্যবসায়িক উদ্যোগে ২০৩০ সালের মধ্যে ভারত-পোল্যান্ড বাণিজ্য তিন গুণ হতে পারে: পোলিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ৫ নভেম্বর : প্রস্তাবিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়লে ২০৩০ সালের মধ্যে ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য শুধু দ্বিগুণ নয়, তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত পিওত্র আন্তোনি সুইতালস্কি।

তিনি বলেন, প্রস্তাবিত বাণিজ্য চুক্তির মাধ্যমে তৈরি হওয়া সুযোগগুলিকে পুরোপুরি কাজে লাগাতে পারলে এবং দুই দেশের ব্যবসায়িক সম্মেলনে হওয়া আলোচনাগুলিকে বাস্তব প্রকল্পে রূপান্তরিত করা গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য তিন গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। তাঁর মতে, বর্তমানে দুই দেশের মধ্যে যে পরিমাণ বাণিজ্য হচ্ছে, তা দুই অর্থনীতির প্রকৃত সম্ভাবনার প্রতিফলন নয়।

সম্প্রতি পোল্যান্ডের প্রধানমন্ত্রীর ভারত সফরের অর্থনৈতিক সাফল্যের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত জানান, নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে দুটি ব্যবসায়িক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এই সম্মেলনগুলিতে সর্বাধিক সংখ্যক ব্যবসায়িক সংস্থার অংশগ্রহণ দেখা গিয়েছে।

তিনি বলেন, পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সফরে ১০০টিরও বেশি পোলিশ সংস্থা অংশ নিয়েছিল। অন্যদিকে, প্রায় ২০০টি ভারতীয় সংস্থা আলোচনায় যোগ দেয়। এই সফর চলাকালীন মোট ১৩টি চুক্তি, সমঝোতাপত্র এবং আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সুইতালস্কি বলেন, চুক্তিটি দ্রুত স্বাক্ষর ও কার্যকর করার পক্ষে পোল্যান্ড জোরালোভাবে সওয়াল করছে। তাঁর আশা, ডিসেম্বরের শুরুতেই চুক্তিটি স্বাক্ষরিত হবে এবং আগামী বছরের গোড়াতেই তা কার্যকর হতে পারে।

বিনিয়োগের বিষয়ে তিনি জানান, পোল্যান্ডে ভারতীয় বিনিয়োগ ইতিমধ্যেই উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। তবে ভারতে পোলিশ বিনিয়োগের পরিমাণ এখনও সম্ভাবনার তুলনায় কম। ভারতীয় সংস্থাগুলিকে পোল্যান্ডে বিনিয়োগ, ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তোলা এবং ইউরোপের বাজারে প্রবেশের প্রবেশদ্বার হিসেবে দেশটিকে ব্যবহারের আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের নেতারা এই ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদের ওয়ারশ সফরের ফলে নতুন চুক্তি ও সমঝোতার পথ প্রশস্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, জ্বালানি ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানান সুইতালস্কি। সৌরশক্তি এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে আগ্রহী পোল্যান্ডের বিভিন্ন সংস্থা।

–

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker