আটকের পরেও মানতে হবে ২৪ ঘণ্টার নিয়ম, পুলিশের জন্য কড়া নির্দেশ শীর্ষ আদালতের

SOBDIK NEWS: কাউকে গ্রেফতার করলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করাতে হয়। এবার এই একই নিয়ম আটকের ক্ষেত্রেও বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানিয়েছে, কাউকে আটক করার পর ২৪ ঘণ্টার মধ্যে বিচারকের সামনে হাজির করাতে হবে। তা না হলে ওই ব্যক্তিকে মুক্তি দিতে হবে।
Supreme Court : আটকের সময় থেকেই শুরু হবে ২৪ ঘণ্টার হিসাব
বৃহস্পতিবার বিচারপতি উজ্জ্বল ভুইঞা এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, সংবিধানের ২২(২) অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ৫৬ নম্বর ধারা অনুযায়ী, কাউকে আটক করার মুহূর্ত থেকেই ২৪ ঘণ্টার হিসাব শুরু হবে। পরে গ্রেফতার দেখিয়ে এই সময় বাড়ানো যাবে না। তদন্ত বা জিজ্ঞাসাবাদের নামেও এই নিয়ম এড়ানো যাবে না।
ত্রিপুরা হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এনডিপিএস আইনের একটি মামলায় গত বছর ২৯ সেপ্টেম্বর দুপুর ২টোয় চারজনকে তল্লাশির সময় আটক করা হয়েছিল। কিন্তু তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় পরের দিন ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায়।
আরও পড়ুনঃ ফ্রি বন্ড থেকে ফসল বিমা, আলুচাষিদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, ২৯ সেপ্টেম্বর দুপুর ২টো থেকেই ২৪ ঘণ্টার হিসাব শুরু হওয়ার কথা ছিল। অথচ বিচারকের নজরদারি ছাড়াই প্রায় ১৮ ঘণ্টা তাঁদের আটকে রাখা হয়। আদালত একে সংবিধানের ২২(২) অনুচ্ছেদের লঙ্ঘন বলে জানিয়েছে এবং ওই চারজনকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই রায়ে ওড়িশা, কেরল এবং মাদ্রাজ হাইকোর্টের আগের কয়েকটি রায়ও খারিজ করেছে শীর্ষ আদালত। ওই রায়গুলিতে গ্রেফতারের আগে আটকের সময়কে ২৪ ঘণ্টার হিসাবের বাইরে রাখা হয়েছিল। তবে কেরলের ‘বিশাজিত মণ্ডল’ মামলার রায়কে সঠিক বলে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
পাশাপাশি নিম্ন আদালতগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে, কোনও অভিযুক্তকে রিমান্ডে পাঠানোর আগে তাঁকে আটকের সঠিক তারিখ ও সময় নথিভুক্ত করতে হবে। এরপর দেখতে হবে, আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজির করা হয়েছে কি না। এই সময় পেরিয়ে গেলে অভিযুক্তকে মুক্তি দিতে হবে।



