১ জানুয়ারি থেকেই কি বাড়তি বেতন? অষ্টম পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট!

SOBDIK NEWS: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) হলে কতটা বাড়বে বেতন ও পেনশন? কমিশন গঠনের এক বছর পেরিয়ে গেলেও এখনও নতুন বেতন কাঠামো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেসিক বেতন থেকে শুরু করে অ্যারিয়ারের টাকা, সবকিছু নিয়েই অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কর্মী।
8th Pay Commission : কমিশনের রিপোর্ট জমা পড়বে কবে?
২০২৫ সালের ৩ মে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্র। পরে ৩ নভেম্বর ২০২৫ কমিশন গঠন করা হয়। সেই হিসেবে ২০২৬ সালের ৩ নভেম্বর কমিশনের এক বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে কর্মী সংগঠন ও পেনশনভোগীদের কাছ থেকে প্রস্তাব নেওয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও সরকারের কাছে রিপোর্ট জমা দেয়নি কমিশন।
রিপোর্ট তৈরির জন্য মোট ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসেবে ২০২৭ সালের মে মাস নাগাদ রিপোর্ট জমা পড়তে পারে। কোনও নির্দিষ্ট বিষয়ে সুপারিশ আগে তৈরি হলে কমিশন অন্তর্বর্তী রিপোর্টও দিতে পারে।
আরও পড়ুনঃ বাংলায় এবার সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির কারখানা! বিনিয়োগ করলেই বিপুল সুবিধা, বড় ঘোষণা রাজ্যের
কত হবে নতুন বেসিক বেতন?
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর। এর মাধ্যমেই বর্তমান বেসিক বেতন হিসাব করে নতুন বেতন নির্ধারণ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র নতুন ফিটমেন্ট ফ্যাক্টর বা ন্যূনতম বেসিক বেতন ঘোষণা করেনি।
প্রসঙ্গত, সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়েছিল। এর ফলে ন্যূনতম বেসিক বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়। এবার ১.৯২, ২.৫৭ কিংবা ৩ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বিভিন্ন হিসাব সামনে আসছে। তবে কোনওটিই চূড়ান্ত নয়। ১০ অগস্ট ২০২৬ লোকসভায় অর্থমন্ত্রক জানিয়েছিল, কমিশন এখনও সরকারের কাছে সুপারিশ জমা দেয়নি।
পেনশন ও ফ্যামিলি পেনশনেও কী বদল আসবে?
অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) প্রভাব শুধু কর্মরত সরকারি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পেনশন এবং অবসরকালীন অন্যান্য সুবিধাও এর আওতায় রয়েছে। তাই অবসরপ্রাপ্ত কর্মীরাও নতুন পেনশনের অপেক্ষায় রয়েছেন। বর্তমান বেসিক পেনশন কতটা বাড়বে, ফ্যামিলি পেনশনের নতুন অঙ্ক কী হবে এবং কীভাবে হিসাব করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রেও ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হতে পারে। তবে পেনশন বৃদ্ধির কোনও সরকারি ফর্মুলা বা নতুন অঙ্ক এখনও ঘোষণা করা হয়নি।
কমিশনকে সুপারিশ তৈরির সময় সরকারের আর্থিক অবস্থা এবং পেনশন সংশোধনে মোট কত খরচ হবে, সেটাও বিবেচনা করতে হবে। যে পেনশন ব্যবস্থায় কর্মীদের কোনও আর্থিক অবদান থাকে না, সেই খাতে সরকারের সম্ভাব্য খরচও হিসাবের মধ্যে রাখা হবে।
১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে নতুন বেতন?
কর্মী ও পেনশনভোগীদের আরও একটি বড় প্রশ্ন, নতুন বেতন কাঠামো কি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে? ২০২৫ সালের ২৮ অক্টোবর কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন কমিশনের সাধারণ ১০ বছরের চক্রের কথা উল্লেখ করে বলা হয়েছিল, অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের প্রভাব সাধারণভাবে ১ জানুয়ারি ২০২৬ থেকে পড়ার কথা। তবে এর অর্থ এই নয় যে, ওই তারিখ থেকে নতুন বেতন ও পেনশন দেওয়ার চূড়ান্ত নির্দেশ জারি হয়েছে। কারণ, কমিশনের রিপোর্ট এখনও জমা পড়েনি এবং কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়নি।
পরবর্তীকালে সরকার যদি ১ জানুয়ারি ২০২৬ থেকে পিছনের তারিখ ধরে নতুন বেতন কার্যকর করে, তাহলে কর্মী ও পেনশনভোগীরা মাঝের সময়ের অ্যারিয়ার পেতে পারেন। তবে কত টাকা বকেয়া মিলবে এবং কবে তা দেওয়া হবে, তা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
সরকারের অনুমোদনের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত
কমিশনের রিপোর্ট জমা পড়ার পর কেন্দ্রীয় সরকার সমস্ত সুপারিশ খতিয়ে দেখবে। নতুন বেসিক বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর, পেনশন এবং অবসরকালীন সুবিধা নিয়ে প্রস্তাবগুলি পর্যালোচনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার অনুমোদন দিলে তবেই নতুন বেতন ও পেনশন কার্যকর করার নির্দেশ জারি হবে (8th Pay Commission)। ফলে আপাতত ২০২৭ সালের মে মাস নাগাদ রিপোর্ট জমা পড়ার দিকেই নজর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের।



