0%

ডিসেম্বরের দিল্লির বাতাসে দমবন্ধ হওয়ার আশঙ্কা! গুরুত্বপূর্ণ ম্যাচ সরাল বিসিসিআই 

দিল্লি থেকে সরে গেল ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আগামী ১৩ ডিসেম্বর দিল্লিতে হওয়ার কথা ছিল দু’দলের প্রথম ওয়ানডে। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বিশাখাপত্তনমকে। নতুন সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন শুভমান গিলরা।

দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার আবেদনের ভিত্তিতেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন সময় ম্যাচ ছিল, যখন ধোঁয়াশার চাদরে ঢাকা থাকে রাজধানী। বাতাসে দৃশ্যমানতাও কম থাকে। থাকে বাতাসে দমবন্ধ হওয়ার আশঙ্কাও। পাশাপাশি অরুণ জেটলি স্টেডিয়ামে সংস্কারকাজের পরিকল্পনাও রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্তের। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামটি প্রস্তুত থাকবে না বলে বোর্ডকে জানিয়েছিল ডিডিসিএ। কেবল ভারত-শ্রীলঙ্কা ম্যাচই নয়, ঘরোয়া ক্রিকেটের সূচিতেও তার প্রভাব পড়তে চলেছে। গুজরাট, সার্ভিসেস এবং মহারাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির রনজি ট্রফির ম্যাচ হওয়ার কথা ছিল দিল্লিতে।

পাশাপাশি মহিলা ও জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতাও আয়োজনের কথা ছিল সেখানে। কিন্তু পিচ ও মাঠের সংস্কারকাজের জন্য আপাতত ঘরোয়া ম্যাচ আয়োজন করতে পারবে না দিল্লি। সেখানকার ক্রিকেট সংস্থার এক শীর্ষ কর্তার কথায়, আধুনিক ক্রিকেটের চাহিদার সঙ্গে তাল মেলাতেই মাঠ সংস্কারের উদ্যোগ। তিনি বলেন, “আমরা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ মানের পরিকাঠামো তৈরি করতে চাই। যাতে তাঁরা মাঠে নিজেদের সেরাটা দিতে পারেন এবং গ্যালারিতে আসা দর্শকেরাও ভালো ক্রিকেট উপভোগ করতে পারেন। নতুন পিচ এবং আউটফিল্ডের মান হবে অত্যন্ত উন্নত।”

জানা গিয়েছে, দিল্লির স্টেডিয়ামে আধুনিক নিকাশি ব্যবস্থাও তৈরি হবে। বৃষ্টির পর দ্রুত খেলা শুরু করার উপযোগী পরিকাঠামো গড়ে তুলতে চাইছে দিল্লি ক্রিকেট সংস্থা। ওই কর্তার কথায়, “আমরা এমন একটি উন্নত নিকাশি ব্যবস্থা তৈরি করছি, যাতে যত বৃষ্টিই হোক না কেন, আধ ঘণ্টার মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়। আধুনিক ক্রিকেট স্টেডিয়ামগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত। মাঠে আসা দর্শক এবং ক্রিকেটারদের স্বার্থের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।”

অর্থাৎ, সাময়িক ভাবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকলেও দিল্লির স্টেডিয়ামকে আরও আধুনিক করে ফেরানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিডিসিএ। অন্যদিকে, দিল্লির বদলে বিশাখাপত্তনমে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ আয়োজনের দায়িত্ব পড়ায় নতুন করে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker