জানুয়ারি থেকে শুরু ভরসা প্রকল্পের আবেদন, কোন কোন ডকুমেন্ট লাগবে বেকারভাতায় জানুন

SOBDIK NEWS: বাজেটে ঘোষণা হয়েছিল রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য ‘ভরসা’ (Bharosa Scheme) প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার কথা। অক্টোবর থেকেই এই প্রকল্প শুরু হয়ে যাবে বলে জানানো হলেও এখনও তা হয়নি। সবমিলিয়ে জল্পনা বাড়ছিল। তবে সেসব কাটিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পে (Government Bharosa Scheme) অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি থেকে শুরু হবে আবেদন।
জানুয়ারি থেকে আবেদন ভরসা প্রকল্পে | Bharosa Scheme
যুব সমাজের পাশে দাঁড়াতে আগামী ২৩ তারিখ মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারী থেকে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েটরা। পূর্ববর্তী তৃণমূল সরকারের যুবসাথীর আদলে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, বেকারভাতা প্রদান করা হবে।
শুভেন্দু অধিকারী জানান, “যতক্ষণ না চাকরি পান, সরকার পাশে থাকবে।” এর আগে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছিল, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) চালু হবে রাজ্যে। এর মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
আরও পড়ুন: STF-এর জোড়া সাফল্য! বীরভূমে বিস্ফোরক, আসানসোল থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জানুয়ারি থেকে আবেদন শুরুর কথা বলা হলেও কীভাবে আবেদন করতে হবে, আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, এসব নিয়ে কোনো তথ্য এদিন মুখ্যমন্ত্রী দেননি। তবে তিনি জানিয়েছেন, আগামীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে সরকারের তরফে। যেহেতু জানুয়ারি থেকে প্রকল্প কার্যকর হবে তাই চলতি বছরের মধ্যেই গোটা আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।
আবেদনকারীদের কী কী নথি লাগবে?
এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে। লাগতে পারে ইনকাম সার্টিফিকেট।
যদিও সরকারি তরফে এখনও এই বিষয়ে স্পট গাইডলাইন সামনে আসেনি। একাধিক রিপোর্ট বলছে, আবেদনের জন্য প্রয়োজন হতে পারে অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটও। যা সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পুজোর আগে থেকেই ভিড় করতে শুরু করে দিয়েছিল।



