মাঠে নামার আগে কোকেন সেবন! বিতর্কে কেকেআরে খেলা অন্যতম সেরা তারকা, জারি নিষেধাজ্ঞা

বিতর্কে প্রাক্তন কেকেআর তারকা তথা অজি ওপেনার ক্রিস লিন। তাঁর বিরুদ্ধে মাঠে নামার আগে নিষিদ্ধ কোকেন সেবনের অভিযোগ। এমনকী মাসখানেকের জন্য তাঁকে নিষিদ্ধও ঘোষণা করে দেয় ইসিবি। যদিও সেই এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট সংস্থা।
আসলে গত ১৮ জুলাই ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টের ফাইনালের দিন রুটিন পরীক্ষা চলাকালীন ক্রিস লিনের শরীরে নিষিদ্ধ কোকেনের নমুনা পাওয়া যায়। সেসময় নর্থহ্যাম্পশায়ারের হয়ে খেলতেন লিন। রুটিন পরীক্ষার সময় তাঁর শরীরে benzoylecgonine নামের একটি কোকেনের নমুনা পাওয়া যায়। মূলত হজমের ওষুধে ওই কোকেন থাকে হয়। ক্রীড়াবিদদের ক্ষেত্রে ওই ধরনের ওষুধ গ্রহণ নিষিদ্ধ। তবে এই কোকেনের ফলে ক্রিকেটারদের পারফরম্যান্সে বিরাট কোনও পার্থক্য হয় না।
জানা গিয়েছে, কোকেনের নমুনা ধরা পড়ার পর নিজের ‘অপরাধ’ স্বীকার করে নেন লিন। তাঁকে ৩ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ইসিবি। সেই সঙ্গে তাঁকে রিহ্যাবে পাঠানো হয়। যদিও রিহ্যাব দ্রুত সম্পন্ন হওয়ায় লিনের নিষেধাজ্ঞার মেয়াদ ৩ মাস থেকে কমিয়ে একমাস করা হয়েছে। ইতিমধ্যেই সেই মেয়াদ শেষ হয়েছে। পুরো বিষয়টি ইসিবি প্রকাশ্যে এনেছে শুক্রবার।
ক্রিস লিন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তির মর্যাদা পান। বিগ ব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অতীতে কেকেআরের হয়ে খেলেছেন। একসময় নাইট সংসারের চোখের মণি হয়ে গিয়েছিলেন ডানহাতি ওপেনার। কেকেআর ছাড়াও ডেকান চার্জার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়েও ১৮টি টি-২০ এবং চারটি ওয়ানডে খেলেন। আপাতত বিভিন্ন দেশের লিগে খেলছেন ৩৬ বছরের লিন। এই মরশুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন।
শেয়ার
লিংক



