দ্বিতীয় ওয়ানডের আগে বৃষ্টিতে হোটেলবন্দি টিম ইন্ডিয়া, ফের কোহলির সেঞ্চুরিতে বাধা আবহাওয়া?

বিরাট কোহলির ৮৭ তম সেঞ্চুরির অপেক্ষা। নিউজিল্যান্ডে ভারতের সিরিজ জয়ের পথে আরেক ধাপ। কিন্তু সবই কি আটকে যাবে বৃষ্টির জন্য? আগের ম্যাচে বৃষ্টিতে লক্ষ্য অনেকটা কমে এসেছিল। ভারত জিতলেও কোহলি সেঞ্চুরির কাছে এসে ফিরে যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও বাদ সাধতে পারে বৃষ্টি। ম্যাচের আগের দিনও একই অবস্থা।
শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামবে ভারত-নিউজিল্যান্ড। ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় ম্যাচ শুরু। তবে প্রকৃতি দেবতা রীতিমতো অপ্রসন্ন। শুক্রবার সারা দিন ধরেই ওয়েলিংটনে ইলশে গুঁড়ি বৃষ্টি হয়েছে। যে কারণে আর মাঠে নামেননি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বেসিন রিজার্ভের বিপরীতে ইনডোরে অনুশীলন করতে বাধ্য হয়। অন্যদিকে ভারতীয় দল আর অনুশীলনই করেনি, সারাদিন হোটেলেই কাটিয়েছে।
এই অবস্থা শনিবারও দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি ভোগাতে পারে। দিন-রাতের ম্যাচে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। পরের দিকে হালকা বৃষ্টি চলবে। ফলে আদৌ ম্যাচ হবে কি না, সেটাই প্রশ্ন। আর হলেও ম্যাচ শুরুর সময় পিছিয়ে যেতে পারে।
অকল্যান্ডে প্রথম ওয়ানডেতেও তাই হয়েছে। নিউজিল্যান্ড লক্ষ্য দিয়েছিল ১৮৬। কিন্তু বৃষ্টির জন্য লক্ষ্য কমে দাঁড়ায় ১৪৩। যা অনায়াসে তুলে ফেলে ভারত। ৭৪ রানে আউট হন কোহলি। অনেকের মতে, বৃষ্টিতে যদি রানের লক্ষ্য না কমত, তাহলে এই ম্যাচে সেঞ্চুরি করতে পারতেন তিনি। এই মুহূর্তে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৮৬। শচীনের ১০০ সেঞ্চুরির নজির ছুঁতে পারবেন কি না, সেই নিয়ে চর্চা চলছে।
শেয়ার
লিংক



