হ্যারি বক্সারকে ভারতে প্রত্যর্পণে কয়েক মাস সময় লাগতে পারে, আইনি জটিলতার আশঙ্কা সিবিআই সূত্রে

নয়াদিল্লি, ৭ নভেম্বর : লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কুখ্যাত শ্যুটার হ্যারি বক্সার ওরফে হরি চাঁদ জাটকে আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনা সহজ হবে না। প্রত্যর্পণ প্রক্রিয়ায় একাধিক আইনি জটিলতা ও প্রশাসনিক বাধার কারণে কয়েক মাস সময় লাগতে পারে বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে ক্যালিফোর্নিয়ায় মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর হেফাজতে রয়েছে হ্যারি বক্সার। তবে সিবিআই সূত্রের খবর, ভারতে তার বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার ভিত্তিতে নয়, বরং অভিবাসন সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
প্রথমে আমেরিকার অভিবাসন আদালতে তার বিরুদ্ধে শুনানি হবে। এরপর ভারতকে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের নথিপত্র জমা দিতে হবে। এই নথিতে ফরেনসিক প্রমাণ, এফআইআর, চার্জশিট এবং তার সঙ্গে সম্পর্কিত ভয়েস রেকর্ডিং-সহ রাজস্থান, পাঞ্জাব, দিল্লি ও মুম্বইয়ে দায়ের হওয়া মামলার বিস্তারিত তথ্য থাকতে হবে।
সিবিআই আইএএনএস-কে জানিয়েছে, আমেরিকায় প্রত্যর্পণ প্রক্রিয়া যথেষ্ট দীর্ঘ। অভিযুক্তদের আদালতে এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার একাধিক সুযোগ থাকে। অনেক ক্ষেত্রে অভিযুক্তরা রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেন, যার ফলে প্রত্যর্পণে আরও বিলম্ব হতে পারে।
আরও একটি বড় সমস্যা হল, হ্যারি বক্সারের বিরুদ্ধে অধিকাংশ মামলার তদন্ত করছে বিভিন্ন রাজ্যের পুলিশ। ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির সমস্ত মামলার নথি একত্রিত করে সিবিআইয়ের মাধ্যমে বিদেশ মন্ত্রকের কাছে পাঠাতে হবে।
ইতিমধ্যেই দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির নথি কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে জমা দিতে শুরু করেছে। মার্কিন আদালতের অনুমোদন ছাড়া তাকে ভারতে প্রত্যর্পণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন আধিকারিকরা।
ভারতীয় তদন্তকারী ও গোয়েন্দা সংস্থাগুলির তৎপরতায় আমেরিকায় আটক হয়েছে হ্যারি বক্সার। মুম্বইয়ে চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার পর থেকেই তার গতিবিধির উপর বিশেষ নজর রাখছিল ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি।
রাজস্থানের নারায়ণপুর গ্রামের বাসিন্দা হ্যারি বক্সার একসময় জয়পুরে বক্সিং প্রশিক্ষক হিসেবে কাজ করত। খেলাধুলা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকার কারণে তার এই নাম পরিচিতি পায়। পরবর্তীকালে সেই জীবন ছেড়ে অপরাধজগতে প্রবেশ করে সে।
২০২২ সাল থেকে পলাতক হ্যারি বক্সার শেষ পর্যন্ত ভারত ছেড়ে আমেরিকায় আশ্রয় নেয়। তবে সেখানেও ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি তার গতিবিধির উপর নজরদারি
চালিয়ে যাচ্ছিল।



