0%

চার-ছক্কার বৃষ্টি শেহওয়াগ-পুত্রের, বিরাট জয় দিয়ে ছোটদের এশিয়া কাপ শুরু ভারতের

সহজ জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপ (U19 Asia Cup) অভিযান শুরু হল ভারতের। ‘এ’ গ্রুপে নেপালকে ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়ার নতুন প্রজন্ম। ঈশান সুদ, অর্জুন রাজপুতদের আগুনে বোলিংয়ে কাজ সহজ হয়ে গিয়েছিল। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি ও বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীর। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

ওমানে আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই নিয়মিত উইকেট তুলতে থাকে ভারতীয় বোলিং। ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় নেপাল। ১০০ রান তুলতে তুলতেই নেপালের অর্ধেক টিম প্যাভিলিয়নে। শেষ ৫ উইকেট পড়ে মাত্র ১৩ রানে। শেষমেশ মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায় নেপাল। তরুণ পেসার ঈশান সুদ ১০ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তোলেন। অন্যদিকে অলরাউন্ডার অর্জুন রাজপুত মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট পান।

জবাবে মাত্র ১৯.১ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন আর্যবীর ও লক্ষ্য। আর নেপাল বোলিংয়ের সামনে ঝড়ের গতিতে রান তুলে নেন দু’জনে। বাবার মতো আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেন আর্যবীর। এদিন মাত্র ৫২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। ব্যাট থেকে আসে ৭টা চার ও চারটে ছক্কা। অন্যদিকে তারকা পুত্রের মতোই উজ্জ্বল অধিনায়ক লক্ষ্য। তিনি করেন ৬৩ বলে ৫৩ রান। তাঁর ব্যাট থেকে আসে ৭টা চার। ১০ উইকেট হাতে নিয়েই ছোটদের এশিয়া কাপে জয়ের অভিযান শুরু করল ভারত। উল্লেখ্য, এই দলে রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়ও আছেন।

গ্রুপ স্টেজে এরপর ভারতের প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী। ভারত-পাকিস্তান মহা মোকাবিলা ৮ নভেম্বর। সেমিফাইনাল ১২ নভেম্বর ও ফাইনাল ১৫ নভেম্বর। ২০২৫-র অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান দল ভারতকে বিরাট ব্যবধানে হারায়। সেই দলে ছিল বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker