রানের দেখা নেই রে…, এবার ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ বাবর, আউট হয়ে পিচে আছাড় মারলেন ব্যাট

অনেক আশা নিয়ে তাঁর হাতে পাকিস্তানের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। টেস্ট অধিনায়কের পদ থেকে শান মাসুদকে সরিয়ে দায়িত্ব পেয়েছিলেন বাবর আজম। কিন্তু তার নিট ফল ‘জিরো’। ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন টেস্ট হেরে চুনকাম হয়ে দেশে ফিরতে হয়েছিল পাকিস্তানকে। এর পর ঘরেবাইরে কটাক্ষের মুখে পড়েছিলেন বাবর আজম (Babar Azam)। এবার ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থতার ধারাই বজায় রাখলেন। সেখানে আউট হওয়ার পর তাঁর ‘অখেলোয়াড়োচিত’ আচরণও ভাইরাল।
চলতি মাসের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে নামবে পাকিস্তান। ৯ নভেম্বর শুরু টেস্ট সিরিজ। তার আগে ফর্ম ফিরে পেতে কায়েদে আজম ট্রফিতে খেলছেন বাবর। লাহোর হোয়াইটসের হয়ে খেলছেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটেও তাঁর ব্যাটে রানের দেখা নেই। তার উপর ফেডেরালয় অ্যাডমিনিস্টারড ট্রাইবাল আরএসের (এফএটিএ) বিরুদ্ধে বাবরের সংগ্রহ মাত্র ২৮ ও ৪২ রান। সেট হয়ে আউট হতে হয়েছে পাক অধিনায়ককে। সেই হতাশায় সাজঘরে ফেরার আগে পিচের মধ্যেই ব্যাট আছড় মারতেও দেখা যায় তাঁকে।
Babar Azam keeps getting dismissed in the same manner. Not a good sign! 😬 https://t.co/dLXh35ST7S
— Sheri. (@CallMeSheri1_) November 6, 2026
৭৭ বলে ৪২ রান করে শাহিদ আজিজের বলে আউট হন বাবর। অথচ সেটা আউট হওয়ার মতো বলই ছিল না। বলটা এতটাই বাইরে ছিল, অনায়াসেই ছেড়ে দিতে পারতেন ৩২ বছরের ক্রিকেটার। যদিও বাবরের মাথায় অন্য কিছু চলছিল। সপ্তম বা অষ্টম স্টাম্পের কাছাকাছি একটা বল চেজ করে নিজের বিপদ ডেকে আনেন। শরীর থেকে দূরে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। সহজেই ক্যাচ তালুবন্দি করেন ফিল্ডার।
টসে জিতে লাহোর হোয়াইটস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফাওয়াদ আরশাদ করেন ৩১১ বলে ‘ধৈর্যশীল’ ১১৫ রান। ৮৪.১ ওভারে ৩৬২ রানে অলআউট হয়ে যায় এফএটিএ। জবাবে ৪৯.২ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় বাবরের দল। সর্বোচ্চ ৫১ রান করেন আলি জারিয়াব। দ্বিতীয় ইনিংসেও দাপট বজায় রাখে এফএটিএ। মহম্মদ ফারুকের ১৯১ বলে ১২৩ রানের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে ৫৯.১ ওভারে ২৮৩ রানে থামে তারা। জবাবে মাত্র ১৭০ রানে অলআউট লাহোর। ২৪১ রানে হেরে বসেন বাবর আজম। নিজের অভিজ্ঞতার দাম দিতে পারেননি তিনি। মাসখানেক আগে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম ইংল্যান্ডে চুনকামের পর বাবরকে বলেছিলেন, ‘ছোলা বিক্রি করতে এসেছ?’ আর এবার বাবরের ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ‘পিচের উপর রাগ দেখানোটা কেমন শিষ্টাচার?’
শেয়ার
লিংক



