0%

বায়োপিকের আগে নির্মাতাদের ‘দুসরা’ সৌরভের! ২ কোটি টাকা জমা রাখার নির্দেশ হাই কোর্টের

জোরকদমে চলছে সৌরভ গঙ্গোপাধ্যয়ের বায়োপিক তৈরি কাজ। তার মধ্যেই নয়া বিতর্ক। অক্টোবর মাসে মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত সিনেমা ‘দুসরা’। যা ২০০২-র ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের কাহিনি নিয়ে তৈরি। যা নিয়ে সৌরভের আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট জানাল, প্রাক্তন ভারত অধিনায়কের ব্যক্তিত্ব স্বত্ব লঙ্ঘন করা হয়েছে। ‘দুসরা’ নির্মাতাদের ২ কোটি টাকা নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে।

কিন্তু সৌরভের অভিযোগ কী? আসলে ‘দুসরা’র কাহিনিতে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর কার্যকলাপ, ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ জয়, লর্ডসের ব্যালকনিতে সেই ঐতিহাসিক জার্সি ওড়ানো-প্রত্যেকটি ঘটনা তুলে ধরা হয়েছে। তবে এই নিয়ে সৌরভের অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। সৌরভের অভিযোগ, বিখ্যাত ক্রীড়াবিদের উদাহরণ এইভাবে তুলে ধরার অর্থ তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা। বিনা অনুমতিতে সৌরভের মতো ব্যক্তিত্বকে বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়েছে এই ছবিতে।

সেই মামলায় বড়সড় ধাক্কা খেল ‘দুসরা’ নির্মাতারা। বিচারপতি তেজস কারিয়া জানিয়েছেন, সিনেমাটি ব্যক্তিত্বের স্বত্ব লঙ্ঘন করেছে। তবে তাঁর পর্যবেক্ষণ, সৌরভের ব্যক্তিত্ব এই সিনেমার সঙ্গে এমনভাবে জড়িয়ে যে, সেগুলো বাদ দেওয়া সম্ভব নয়। তাই আদালত নির্দেশ দিয়েছে ‘দুসরা’ প্রযোজক সংস্থাকে সিনেমার শুরুতে ও শেষে, হিন্দি ও ইংরেজিতে বিধিবদ্ধ সতর্কীকরণ দিতে হবে। তারা জানাবে, এই সিনেমার জন্য সৌরভ তাঁর ব্যক্তিত্ব ব্যবহারের অনুমতি দেননি। আর এই সিনেমাটি সৌরভের ব্যক্তিত্ব ও জনস্বার্থ লঙ্ঘনের জন্য নয়।

এছাড়াও বিচারপতি নির্দেশ দিয়েছেন, নির্মাতাদের আগামী দু’সপ্তাহের মধ্যে আদালতের রেজিস্ট্রারের কাছে ২ কোটি টাকা নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি হিসেবে জমা রাখতে হবে। তবে সিনেমাটির প্রচারে হস্তক্ষেপ করেনি দিল্লি হাইকোর্ট।

প্রসঙ্গত, লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিং প্রায় শেষদিকে। মামলায় দাখিল করা আবেদন অনুযায়ী, ২০২১-এ লাভ ফিল্মসের সঙ্গে সৌরভ একটি চুক্তি করেন। যেখানে তাঁর জীবনের উপর কন্টেন্ট তৈরি, প্রযোজনা ও বাণিজ্যিক ব্যবহারের অধিকার একমাত্র লাভ ফিল্মসের। ‘দুসরা’য় সেটা লঙ্ঘিত হচ্ছে বলেই এই অভিযোগ। সম্ভবত ‘দাদা’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker