0%

গাজিয়াবাদের পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল, খতিয়ে দেখা হচ্ছে সব দিক

 

 

নয়াদিল্লি, ৭ নভেম্বর : উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি পুলিশ ফাঁড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। শনিবার তদন্তকারী দলের সদস্যরা ইন্দিরাপুরম থানা এলাকার অধীন বসুন্ধরা পুলিশ ফাঁড়িতে পৌঁছন। শুক্রবার গভীর রাতে হওয়া বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

এর আগে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (এটিএস), ডগ স্কোয়াড, ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের অন্যান্য দল ঘটনাস্থলে তল্লাশি চালায়। গাজিয়াবাদের পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ ইন্দিরাপুরম থানা এলাকার বসুন্ধরা পুলিশ ফাঁড়ির পিছনের দেওয়ালের কাছে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সেই সময় ঘটনাস্থলে একজন সাব-ইনস্পেক্টর এবং এক ডেলিভারি কর্মী উপস্থিত ছিলেন।

 

তিনি জানান, ঘটনার পরই তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে সমস্ত প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড, ফিল্ড ইউনিট এবং ফরেনসিক দল বর্তমানে নমুনা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট হাতে এলেই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

 

পুলিশ কমিশনার আরও বলেন, কীভাবে এই ঘটনা ঘটল এবং বিস্ফোরণের পিছনে কী কারণ রয়েছে, সেটাই তদন্তের মূল লক্ষ্য। উত্তরপ্রদেশ পুলিশের বিভিন্ন বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে থেকে তদন্ত চালাচ্ছে।

 

শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুলিশ ফাঁড়ির জানালার কাচ ভেঙে যায় এবং সেখানে লাগানো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলিও ক্ষতিগ্রস্ত হয় বলে আধিকারিকরা জানিয়েছেন।

 

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময় ফাঁড়ির ভিতরে কোনও পুলিশকর্মী উপস্থিত ছিলেন না। তবে বিশাল নামে ২০ বছর বয়সি এক খাবার সরবরাহকারী আহত হয়েছেন। তাঁকে দিল্লির সূর্যনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা গিয়েছে, গাজিয়াবাদের আর্থালা এলাকার বাসিন্দা বিশাল খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন। সেই সময় বিস্ফোরণ ঘটে এবং ভেঙে যাওয়া কাচের টুকরো ছিটকে এসে তাঁর গায়ে লাগে।

 

বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গাজিয়াবাদের ফরেনসিক দল এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও ডাকা হয়।

 

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পিছনে কী কারণ রয়েছে, তা নিশ্চিত করতে সব সম্ভাব্য দিক থেকে তদন্ত চলছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত অন্যান্য প্রমাণ বিশ্লেষণের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

 

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্যের অপেক্ষায় তদন্তকারী আধিকারিকরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker