জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন ম্যাচে আনোয়ারের না থাকা ভাবাচ্ছে হাবাসকে

শনিবার সামনে চেন্নাইয়িন এফসি। প্রথম দুই ম্যাচে চার্চিল আর ইন্টার কাশীকে উড়িয়ে দিয়েছেন এডমুন্ডরা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে চেন্নাইয়িন খুব বেগ দেবে ইস্টবেঙ্গলকে, তা বলা যাবে না। তবে এই ম্যাচে আনোয়ারের না থাকাটা লাল-হলুদ রক্ষণের সামনে বড় চ্যালেঞ্জ তা বলাই যায়।
আনোয়ারের বদলে হয়তো লালচুংনুঙ্গাকে ব্যবহার করতে পারেন হাবাস। কিন্তু এই স্প্যানিশ কোচকে বোঝা বড় দায়। আবার অন্য কাউকেও আনতে পারেন। তবে দলের সেরা ডিফেন্ডার না থাকাটা নিয়ে স্প্যানিশ কোচ কলকাতা ছাড়ার আগে বলে গেলেন, “যখন কোনও ফুটবলারকে পাওয়া যায় না, তখন অন্য ফুটবলারদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি হয়।”
প্রথম দুই ম্যাচে টানা জয়ের পাশাপাশি নয় গোল এসেছে। সেখানে ইস্টবেঙ্গল মাত্র এক গোল খেয়েছে। লিগ টেবিলের দ্বাদশ স্থানে থাকা চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগেও সতর্ক ইস্টবেঙ্গল কোচ। চেন্নাইয়িন নিয়ে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, “এই প্রতিযোগিতায় প্রতিটা ম্যাচই একেকটা চ্যালেঞ্জ। চেন্নাইয়িন শুধু শক্তিশালী দলই নয়, ওদের বেশ কিছু ভালো মানের ফুটবলারের পাশাপাশি একজন দক্ষ কোচ রয়েছে। যাঁকে আমি খুব ভালোভাবেই জানি। আমাদের লক্ষ্য হল হোম এবং অ্যাওয়ে ম্যাচে একই ধারাবাহিকতা বজায় রাখা। আমার দলের প্রত্যেক ফুটবলারই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।”
আনোয়ার না থাকায় রক্ষণে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে দিয়েগো জিভুলিচকে। দলের সেরা রক্ষণের ফুটবলারের অনুপস্থিতিতে তিনি বলেন, “আমাদের দলে রক্ষণের বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। একই সঙ্গে তারা সবাই ধারাবাহিকতা দেখাচ্ছে। তবে এসিএল টু-র ম্যাচে কয়েকটি ছোট ছোট ভুল কীভাবে প্রতিপক্ষত্রা কাজে লাগিয়ে গোল করে গিয়েছে সেটা থেকে শিক্ষা নিয়েছি আমরা।”

এসিএল টু-র ম্যাচ খেলে আইএসএলের সঙ্গে মানিয়ে নিয়ে সমস্যা হবে না বলেই মনে করছেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এতদিন এসিএল টু-তে মনোনিবেশ করার পর ফের আইএসএলে ফিরছেন প্রভসুখনরা। এসিএল টু-তে রোটেশন পদ্ধতিতে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন লাল-হলুদ কোচ। দেখা গিয়েছে, বিদেশি দলের বিরুদ্ধে নেমেও প্রথম একাদশে একে লোবার মতো বিদেশি স্ট্রাইকারকে বসিয়ে তিনি আস্থা রেখেছেন দুই ভারতীয় স্ট্রাইকার ডেভিড ও এডমুন্ডের ওপর। আইএসএলে ফেরার পর সেই রোটেশনের ধারা অব্যহত রাখবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। যদিও টানা চার্চিল ও ইন্টারকাশী ম্যাচ জয়ের পর এখন লাল-হলুদ ফুটবলারদের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করার।
আজ আইএসএলে
চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল
চেন্নাই, সন্ধ্যা ৭.৩০
আইএসএল ইউটিউব চ্যানেল
শেয়ার
লিংক



