0%

এবার ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা! ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের মাটিতে ভারত শেষবার টেস্ট সিরিজ জিতেছিল সেই ২০০৮-০৯ সালে। তারপর ১৮ বছরের অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া টিম ইন্ডিয়া। তাই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখা হচ্ছে না। এমনকী চোটের ঝুঁকি নিয়ে দলের প্রথম সারির তারকাদের নামিয়ে দেওয়া হচ্ছে এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে। আসলে এই টেস্ট সিরিজটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখেও ভারতের জন্য ডু অর ডাই সিরিজের মতো।

ইতিমধ্যেই প্রস্তুতির জন্য নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট খেলে ফেলেছেন ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্যদের বেশ কয়েকজন। এবার জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের মতো টেস্ট দলের নিয়মিত সদস্যরাও খেলবেন ভারতের এ (IND A) দলের হয়ে। শনিবার থেকে কিইয়িদের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্ট শুরু হচ্ছে, সেই ম্যাচে খেলার জন্য ভারতীয় দলে যোগ দিলেন বুমরাহ এবং জাদেজা। তাঁদের দুজনকেই শনিবার খেলতে দেখা যাবে। আসলে বোর্ড চাইছে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দুই তারকা কিছুটা ম্যাচ প্র্যাকটিস পান। তাঁদের সঙ্গে এ দলে যোগ দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও। চোটের জন্য তিনি কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না।

এদিকে এসবের মধ্যে দুঃসংবাদও রয়েছে ভারতীয় শিবিরে। তৃতীয় বেসরকারি টেস্টেও ভারত পাচ্ছে না ঋষভ পন্থকে। এখনও চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি পন্থ। এখনও তিনি রয়ে গিয়েছেন বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। শেষবার আগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে মাঠে নামেন পন্থ। সেখানেই তাঁর সাইড স্ট্রেন ধরা পড়ে। কিউয়িদের বিরুদ্ধে সবকটি বেসরকারি টেস্টেই খেলার কথা ছিল পন্থের। প্রথম দুই চারদিনের ম্যাচে খেলতে পারেননি। তৃতীয়টিতেও পারলেন না। তাঁর বদলে তিলক বর্মাকে এ দলে নিয়েছে ভারত।

পন্থের খেলতে না পারাটা ভারতের জন্য অশনিসংকেত। আগামী ১৯ নভেম্বর প্রথম টেস্ট। সেই ম্যাচের আগে আদৌ ফিট হবেন তো পন্থ, চিন্তা বোর্ডের অন্দরে। তাছাড়া ফিট হলেও কতদিন আগে ফিট হতে পারবেন, বা কিউয়ি পরিবেশে মানিয়ে নেওয়ার সময় পাবেন কিনা, সেসব নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker