0%

জানুয়ারিতে বাংলাদেশ সফরে যাচ্ছেন রোহিত-বিরাটরা? নয়া সমীকরণে আশার আলো

দীর্ঘ টালবাহানার পর অবশেষে আশার আলো। সব কিছু ঠিকঠাক চললে আগামী জানুয়ারিতেই বাংলাদেশ (BAN) সফরে যেতে পারে টিম ইন্ডিয়া (IND)। দু’বার পিছিয়ে যাওয়া ছয় ম্যাচের সাদা বলের সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহেই এই সিরিজ আয়োজনের সম্ভাবনা। যদিও বিসিসিআই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। 

প্রস্তাবিত সূচি অনুযায়ী, তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। কারণ, ৩ থেকে ৯ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা। আবার ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। ফলে এই দুই সিরিজের মাঝেই বাংলাদেশ সফরের জন্য সময় বার করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকছে।

তবে শেষ পর্যন্ত সফর হবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ভারত সরকারের অনুমতির উপর। জানা যাচ্ছে, বাংলাদেশ সফর চূড়ান্ত করার আগে প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বিসিসিআই। ভারতের এই সফর প্রথমবার স্থগিত হয়েছিল গত বছরের জুলাইয়ে। পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে রাজি হয়নি বাংলাদেশ। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কেও তার প্রভাব পড়ে। তবে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর সে দেশের ক্রিকেট প্রশাসনে এসেছে বড় পরিবর্তন। প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলামের জায়গায় বিসিবি-র নতুন সভাপতি হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল।

ক্রিকেটীয় সম্পর্কের পাশাপাশি প্রশাসনিক স্তরেও ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তামিম। এশীয় ক্রিকেট কাউন্সিল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চান তিনি। সেই কারণেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের উদ্যোগকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ‘প্রথম আলো’-কে তামিম জানিয়েছেন, দুই বোর্ডের মধ্যে কথাবার্তা আশাব্যঞ্জক।

তামিমের কথায়, “আমরা সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল বাংলাদেশে খেলতে আসবে। দুই বোর্ডই অত্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।” এই পরিস্থিতিতে বাংলাদেশ সফরকে জায়গা করে দিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। শেষ পর্যন্ত দুই বোর্ডের আলোচনা এবং ভারত সরকারের সবুজ সংকেতের উপরই নির্ভর করছে দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজের ভবিষ্যৎ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker