0%

ট্রাম্পকে খুনের মতলব! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার ভেনেজুয়েলার যুবক

মধ্যবর্তী নির্বাচনের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই হোয়াইট হাউসের সামনে এক সশস্ত্র যুবকের সন্ধান মেলার ঘটনাকে ঘিরে উত্তাল আমেরিকা। নিয়মমাফিক টহলের সময়ই আচমকা পুলিশের নজর পড়ে একটি ট্রাকের সন্দেহজনক গতিবিধিতে। এরপরই তার ভিতরে বসে থাকা সন্দেহভাজন যুবকের সন্ধান মেলে। ২৬ বছরের ওই যুবক ভেনেজুয়েলার নাগরিক। তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, ওই যুবকের কাছ থেকে পুলিশ একটি এআর-১৫ রাইফেল উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে আরও অস্ত্রশস্ত্র। অভিযুক্ত নাকি স্বীকারও করে নিয়েছে, ট্রাম্পকে হত্যার মতলব নিয়েই সে এখানে উপস্থিত হয়েছিল। তার দাবি, তার মস্তিষ্কই তাকে এই কাজ করার ‘পরামর্শ’ দিয়েছে।

ঠিক কী হয়েছিল? রোজকার মতোই টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। তখনই ওই ট্রাকটিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। দায়িত্বপ্রাপ্ত অফিসার গাড়ির কাছে এসে যুবকটিকে দেখতে পান। জানতে চান, সে বিপন্ন বোধ করছে কিনা কিংবা তার কাছে কোনও আগ্নেয়াস্ত্র আছে কি না। এতে ওই যুবক নাকি বলে, তাকে কেউ খুনের চেষ্টা করতে পারে এই আশঙ্কা থেকেই সে সঙ্গে বন্দুক রেখেছে। এরপর সে নিজেই একটা খয়েরি ব্যাগের দিকে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। সেই ব্যাগ খুলে হাঁ হয়ে যায় পুলিশ। দেখা যায়, ভিতরে রয়েছে একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল এবং একটি এআর-১৫ রাইফেল। এছাড়া গোলাবারুদও ছিল সেই ব্যাগে। সঙ্গে সঙ্গে খবর মেলে দক্ষিণ ক্যারোলিনা থেকে গাড়িটি চুরি হয়ে গিয়েছে।

পরে অভিযুক্ত বলে, সে নাকি মাথার ভিতরে নির্দেশ পেয়েছে ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পকে খুন করার। সমস্ত কথাই সে গুগল ট্রান্সলেটরের সাহায্যে বলছিল বলে জানানো হয়েছে। তার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। সে হেফাজতেই রয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker