অভিষেকের বাড়ির সামনে ফের উত্তেজনা, ব্যারিকেড ঘিরে পুলিশের সঙ্গে বচসা বিজেপির

শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েতের অভিযোগে উত্তেজনা ছড়ায়৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১৬৩…
শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েতের অভিযোগে উত্তেজনা ছড়ায়৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১৬৩ ধারা জারি থাকায় সেখানে ভিড় সরানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। তা নিয়েই শুরু হয় বচসা। এর মধ্যেই এলাকায় হাজির হন বিজেপি কর্মীরা। তাঁদের কয়েক জনকে অভিষেকের বাড়ির দিকে এগিয়ে যেতেও দেখা যায়। সব মিলিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
বিজেপির বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ব্যারিকেড বসানো থাকায় সমস্যায় পড়েছেন পটুয়াপাড়ার ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এই বাধার কারণে ব্যবসায়ীরা প্রতিমা নিয়ে যেতে পারছেন না। কালীপুজোর সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের যাতায়াতে বাধা তৈরি হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। সেই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই তাঁরা সেখানে গিয়েছিলেন বলে দাবি বিজেপি কর্মীদের।
এলাকায় ১৬৩ ধারা জারি থাকায় একসঙ্গে মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিধিনিষেধ কার্যকর করতেই পুলিশ ভিড় নিয়ন্ত্রণে উদ্যোগী হয়। কিন্তু ব্যারিকেড এবং ব্যবসায়ীদের যাতায়াতের বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মীদের উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের বাড়ির দিকে এগোনোর চেষ্টা ঘিরেও এলাকায় টানটান পরিস্থিতি তৈরি হয়।
অন্যদিকে, শনিবার সকালেই মানিকতলায় কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে কালীঘাটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য জানান তিনি। শুভেন্দু বলেন, “কালী মায়ের সামনে কেন মাফিয়াদের নাম নিচ্ছেন? এদের নাম নিয়ে কালীমন্দিরকে অপবিত্র করবেন না।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, অভিষেকের বাড়ির সামনের পরিস্থিতি এবং পটুয়াপাড়ার ব্যবসায়ীদের যাতায়াতের প্রশ্ন ঘিরে রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা পেয়েছে। একদিকে পুলিশের জারি করা বিধিনিষেধ, অন্যদিকে ব্যারিকেড নিয়ে বিজেপির প্রতিবাদ, এই দুইয়ের জেরে শনিবার ফের উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে কালীঘাটের ওই এলাকা।
রাজ্যে ২৯ হাজার পুলিশ নিয়োগ! ডিসেম্বরে SI-ASI-জানুয়ারিতে ৪ হাজার কনস্টেবল নিয়োগের বার্তা শুভেন্দুর
কালীপুজোর আগেই হুগলিতে নিষিদ্ধ বাজির রমরমা! রাস্তার ধারে খুলছে একের পর এক দোকান



