সত্যিই আমেরিকা পরমাণু হামলা চালাবে ইরানে? ইরানে বিলোনো হচ্ছে আয়োডিন বড়ি

সম্প্রতি ট্রাম্প বলেছেন, তিনি আর ধ্বংসযজ্ঞ চান না। আবার তারপরই দাবি করেছেন, ইরানে আরও হামলা চালাতেই পারেন প্রয়োজন পড়লে। তিনি যে ঠিক কী চাইছেন, তা বোঝা দুষ্কর। কিন্তু ইরানে হামলা চালালেও আমেরিকা কি পরমাণু হামলা চালাবে? কয়েকদিন আগে ইরান সরকারের জারি করা একটি বিশেষ ভিডিও নির্দেশিকা প্রকাশ্যে আসার পর সেই জল্পনা জোরালো হয়েছিল বটে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে হেরে যাওয়া ট্রাম্প কি এমন সাহস করবেন? অনেকেই ধরে নিয়েছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝাঁজ এবার কমবে। এর মধ্যেই ইরানে দেখা গেল অবাক করা দৃশ্য। সেখানকার পারমাণবিক কেন্দ্রগুলির আশপাশের অঞ্চলে আয়োডিন বড়ি বিলি করছে তেহরান প্রশাসন! ‘দ্য টাইমস’-এর রিপোর্ট সামনে আসতেই পরমাণু হামলার গুঞ্জন ফের বাড়তে শুরু করেছে।
জানা গিয়েছে, পরমাণু কেন্দ্রগুলি থেকে দু’-তিন কিলোমিটার পর্যন্ত অঞ্চলে আয়োডিনের বড়ি বিলি করা হচ্ছে। ইরানের এক রাজনীতি বিষয়ক সাংবাদিকের দাবি, সত্যিই আমেরিকার পরমাণু হামলার সম্ভাবনার কথা মাথায় রেখে এই কাজ করা হচ্ছে। তেহরান প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়েই এই সম্ভাবনার কথা বিচার করছেন। কিন্তু শেষপর্যন্ত এমন অঘটন ঘটলে কি আয়োডিনে আদৌ কাজ হবে? বলে রাখা ভালো, পটাশিয়াম আয়োডাইড তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সাহায্য করে। যদিও সব ধরনের তেজস্ক্রিয়তা থেকে বাঁচায় না। তবে ক্ষতিকর তেজস্ক্রিয় আয়োডিন থেকে মানুষের থাইরয়েড গ্রন্থিকে রক্ষা করে। তবে সাধারণত অনূর্ধ্ব ৪০ বয়সিদেরই এই বড়ি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এর আগে মাসের শুরুতেই সোশাল মিডিয়ায় ৮ মিনিটের একটি ভিডিও আপলোড করেছিল ইরান প্রশাসন। যেখানে সাধারণ মানুষকে জানানো হয়, কীভাবে পরমাণু হামলা হলে প্রাণ রক্ষা করবেন। ভিডিওটিতে আশ্রয় নেওয়া, তেজস্ক্রিয় দূষণ এড়ানো এবং তেজস্ক্রিয় ধূলিকণা (ফলআউট) থেকে সুরক্ষার বিষয়ে নির্দেশনা রয়েছে। ইরানের সরকারি সংবাদসংস্থা ‘ইরনা’ (IRNA) ভিডিওটির পাশাপাশি এই নির্দেশিকাগুলো প্রকাশ করে। নাগরিকদের ভূগর্ভস্থ কক্ষ বা বেসমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে। এছাড়াও জানালা থেকে দূরে থাকা এবং বাইরের বাতাস ভেতরে টেনে নেয়, অর্থাৎ এয়ার কন্ডিশনের মতো বৈদ্যুতিন যন্ত্র বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়াও কেউ যদি খোলা জায়গায় আটকা পড়েন, তবে তার কী করা উচিত—সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে ৮ মিনিটের বিশেষ ভিডিওতে। এবার আয়োডিনের বড়ি বিলি করার খবরও প্রকাশ্যে আসার পর প্রশ্নটা আরও জোরালো- সত্যিই ট্রাম্প পরমাণু বোমা নিক্ষেপ করবেন ইরানে?
শেয়ার
লিংক



