0%

জবলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫০টিরও বেশি বস্তির ঘর, গৃহহীন বহু পরিবার

 

জবলপুর, ৭ নভেম্বর : মধ্যপ্রদেশের জবলপুর জেলার গাজি নগর এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫০টিরও বেশি বস্তির ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর জেরে গৃহহীন হয়ে পড়েছেন বেশ কয়েকটি পরিবারের সদস্যরা। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ২টো নাগাদ গোহালপুর থানার অন্তর্গত লেমা গার্ডেনের কাছে একটি বস্তি এলাকায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক ঝুপড়িতে। পুড়ে নষ্ট হয়ে যায় ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য, পোশাক এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

দমকল সূত্রে খবর, রাত ২টো নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের খবর পৌঁছয়। এরপর দ্রুত একাধিক দমকলের ইঞ্জিন ও জলের ট্যাঙ্কার ঘটনাস্থলে পাঠানো হয়। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ।

দমকলকর্মী ওম প্রকাশ আহিরওয়ার জানান, রাত ২টো নাগাদ গাজি নগরের বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার পরই দমকলের গাড়ি ও জলের ট্যাঙ্কার পাঠানো হয়। দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণের কাজ শুরু করা হয়।

এই জরুরি অভিযানে পুলিশ, দমকল বাহিনী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যৌথভাবে কাজ করেন। ঘটনাস্থলে প্রায় ৮ থেকে ৯টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাম্বুল্যান্সও রাখা হয়েছিল।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ অখিলেশ গৌর জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বস্তিতে প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার বসবাস করত। অগ্নিনির্বাপণের কাজ সম্পূর্ণ হওয়ার পর ক্ষতিগ্রস্ত বাড়ির সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে।

দীপাবলির আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চরম বিপাকে পড়েছেন আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি। আগুনে ঘরবাড়ির পাশাপাশি তাঁদের সারা জীবনের সঞ্চিত জিনিসপত্রও নষ্ট হয়ে গিয়েছে।

তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে।

–আইএএনএস

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker