হেরেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট! প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ইতিহাসে ইস্টবেঙ্গলের মেয়েরা

ভারতীয় ফুটবলে ইতিহাস। পুরুষ দলের ব্যর্থতার যন্ত্রণা ভুলিয়ে দিল ইস্টবেঙ্গলের মেয়েরা। প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে পড়ল মশাল গার্লসরা। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির বিরুদ্ধে ২-০ গোলে হারতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। তবে হারলেও গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে ইস্টবেঙ্গলের মেয়েরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চলে গেল।
দক্ষিণ কোরিয়ার হোয়াচিয়ন কেএসপিও ডব্লিউএফসি-র কাছে ১-৪ হারের পরে মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার লড়াইটা কঠিন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। শনিবার ৪.২৫ এসসির বিরুদ্ধে জয় বা ড্র করার দরকার ছিল লাল-হলুদের। নিদেনপক্ষে হারলেও বড় ব্যবধানে হারা যাবে না, এই ছিল শর্ত। ম্যাচ শুরুর আগেই ইস্টবেঙ্গলের কাছে সমীকরণটা স্পষ্ট ছিল। কোনওভাবেই ৪ গোল হজম করা যাবে না। আসলে ৪.২৫ এসসি গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। ফলে তাঁরা কিছুটা এগিয়েই লড়াই শুরু করে।
শনিবার ম্যাচের শুরুটাই বিশ্রী হয় মশাল গার্লদের। দ্বিতীয় মিনিটেই গোল হজম করতে হয় লাল-হলুদ শিবিরকে। সেই যে ৪.২৫ এসসি এগিয়ে গেল, তারপর থেকে ধারাবাহিকভাবে আক্রমণ করে গিয়েছে কোরিয়ার দলটি। যার ফল তাঁরা পায় প্রথমার্ধের শেষদিকে। ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় উত্তর কোরিয়ার দলটি। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়ার দলটি। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ শানায় ৪.২৫ এসসি। কিন্তু এবার মরণপণ লড়াই করে কোরিয়ার ক্লাবটিকে আটকে দেন ইস্টবেঙ্গলের মেয়েরা। শেষমেশ ওই ২-০ গোলেই হারে মশাল গার্লস।
মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এবং তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা দু’টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। যে কারণে দু’গোলে হারলেও ভালো পার্থক্যের সুবাদে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে গেল। প্রথম ভারতীয় দল হিসাবে এশিয় পর্বে এই সাফল্য ফাজিলাদের।
শেয়ার
লিংক



