রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

নিজস্ব প্রতিনিধি: রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দলে বড়সড় পরিবর্তন। আসন্ন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক পতিদার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দু’বার IPL জেতানো ক্যাপ্টেনের সরে যাওয়ার কারণে যে চাপ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। পরিবর্তে ভারতীয় ‘এ’ দলে জায়গা পেলেন দিল্লির তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি। শুধু তাই নয়, দলের সহ-অধিনায়কত্বের দায়িত্বও এবার তুলে দেওয়া হয়েছে রিঙ্কু সিংহের হাতে।
রবিবার (৮ নভেম্বর) এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে BCCI । বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রজত পতিদার জানিয়েছেন, পুরনো চোটের সমস্যা সামলানোর সময়ে তাঁকে যেন ৫০ ওভারের ফরম্যাটে নির্বাচনের জন্য না ভাবা হয়।’ যদিও ঠিক কী ধরনের চোটে ভুগছেন পতিদার, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। তিনি সরে যাওয়ায়, আয়ুষ বাদোনিকে বেছে নিয়েছে নির্বাচক কমিটি। সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন দিল্লির এই ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে গুজরাট ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে নজর কেড়েছেন তিনি। এবার আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করার সুযোগ তাঁর সামনে। দলের অধিনায়ক থাকছেন তিলক বর্মা। তবে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। এই প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রজত।
আগামী ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারের দোহায় আয়োজিত হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। ভারতীয় ‘এ’ দল রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। এরপর ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে তারা।
ভারতীয় ‘এ’ দলের সম্পূর্ণ স্কোয়াড:
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক বর্মা (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেজ, শাহবাজ় আহমেদ, বিপরাজ নিগম, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান এবং আয়ুষ বাদোনি।
The post রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে? appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



