চার শূন্যের ব্যর্থতা কাটিয়ে টানা সেঞ্চুরি, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের আগে ছন্দে ফিরলেন যশস্বী

ফর্মে ফিরেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে স্বস্তি পাবে ভারতীয় দল। বর্তমানে ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডে বেসরকারি টেস্ট খেলছেন যশস্বী। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে চরম ব্যর্থ হন। তবে পরপর দুই টেস্টে সেঞ্চুরিতে চেনা ছন্দে ফিরে এসেছেন তরুণ ওপেনার।
লিঙ্কনে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত ২০০-র বেশি রান তুলে ফেলেছে। তবে ভোগাচ্ছে বৃষ্টি। তার মধ্যেও ঝকঝকে যশস্বী। ১৩৮ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাট থেকে আসে ১৬টা চার ও দু’টো ছক্কা। অর্থাৎ, ৭৬ রানই বাউন্ডারি থেকে। অন্যদিকে সাই সুদর্শন ৭৭ রানে অপরাজিত আছেন। ওপেনে ফিরে রান পাচ্ছেন সুদর্শন। তবে রান পাননি দেবদত্ত পাড়িক্কল। অপরাজিত আছেন অধিনায়ক ধ্রুব জুরেলও।
তার আগের টেস্টেও সেঞ্চুরি করেছিলেন যশস্বী। ক্রাইস্টচার্চে ভারতের দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানের ইনিংস খেলেন তারকা ব্যাটার। আর সেটাও এসেছিল ৯৬ স্ট্রাইক রেটে। ১৫টা চারের পাশাপাশি ছিল ৫টা ছক্কা। সেই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন যশ রাঠোরও। ভারত ২ উইকেট হারিয়ে ২৮২ রান তোলার পর টেস্ট ড্র হয়ে যায়।
তার আগে খুব একটা ভালো ছন্দে ছিলেন না যশস্বী। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চার বলের মাথায় আউট হন। রানের খাতাও খুলতে পারেননি বাঁহাতি ওপেনার। আগের ম্যাচেও রান পাননি। দুই ইনিংসে ১৭ ও ৫ রান করে আউট হন। তার আগের ৯ ইনিংসে চতুর্থবার ‘ডাক’ করেন। শুরু হয়েছিল আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে। রনজিও বাদ যায়নি। অক্টোবরে ছত্তিসগড়ের বিরুদ্ধে ম্যাচেও রানের দেখা পাননি।
উল্লেখ্য, ১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সেই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের। তার আগে ছন্দে ফিরলেন যশস্বী।
শেয়ার
লিংক



