0%

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

নিজস্ব প্রতিনিধিঃ আলো, প্রদীপ আর আতশবাজির ঝলকানিতে সেজে উঠেছে চারপাশ। কালীপুজো ও দীপাবলি মানেই আনন্দ, উৎসবের আবহ। কিন্তু এই উৎসবের আনন্দই অনেক সময় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় বাড়ির পোষ্যদের কাছে। বাইরে যখন একের পর এক বাজি ফাটে, তখন ভয়ে কুঁকড়ে যায় অনেক কুকুর-বিড়াল। কেউ আশ্রয় নেয় খাটের নীচে, কেউ আবার অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তীব্র শব্দ এবং বাজির ধোঁয়া তাদের শরীর ও মনের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই উৎসবের আনন্দে মেতে ওঠার পাশাপাশি পোষ্যদের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। কয়েকটি সহজ উপায় মেনে চললেই এই সময়ে তাদের অনেকটা স্বস্তিতে রাখা সম্ভব।

তৈরি করুন নিরাপদ আশ্রয়

বাজির শব্দ থেকে পোষ্যকে দূরে রাখতে বাড়ির ভিতরে নিরিবিলি একটি জায়গা বেছে নিন। সেখানে তার পরিচিত বিছানা, কম্বল ও পছন্দের খেলনা রাখুন। জানলা-দরজা বন্ধ করে পর্দা টেনে দিন। এতে বাইরের শব্দ এবং আলোর ঝলকানি কিছুটা কম পৌঁছবে।

চালিয়ে রাখুন হালকা গান

বাইরের বাজির আওয়াজে পোষ্য যাতে অতিরিক্ত ভয় না পায়, তার জন্য ঘরে হালকা সুরের গান চালিয়ে রাখতে পারেন। এতে হঠাৎ শব্দের প্রতি তার মনোযোগ কিছুটা কমবে। তবে খুব জোরে গান চালাবেন না।

একা ছেড়ে যাবেন না

ভয় পেলে পোষ্য সবচেয়ে বেশি ভরসা খোঁজে তার পরিচিত মানুষের কাছে। তাই এই সময়ে তার পাশে থাকুন। মাথায় হাত বুলিয়ে দিন, আদর করুন। তবে জোর করে কোলে নেওয়ার চেষ্টা করবেন না। তার স্বাভাবিক আচরণ বুঝে সঙ্গ দিন।

আরও পড়ুনঃ কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

সন্ধ্যার পর বাইরে নিয়ে যাওয়া এড়িয়ে চলুন

বাজির শব্দে ভয় পেয়ে পোষ্য হঠাৎ দৌড়ে পালিয়ে যেতে পারে। তাই বিকেলের পর তাকে নিয়ে রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন। দিনের আলো থাকতেই হাঁটানো ও প্রয়োজনীয় কাজ সেরে নিন।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন

অতিরিক্ত উদ্বেগের ক্ষেত্রে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যাংজাইটি ভেস্ট বা ফেরোমোন ডিফিউজার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি খাবার, পানীয় জল ও খেলনা হাতের কাছেই রাখুন।

মনে রাখবেন, উৎসবের আনন্দ শুধু মানুষের জন্য নয়। বাড়ির চারপেয়ে সদস্যটির নিরাপত্তা ও স্বস্তির দায়িত্বও আপনারই। একটু বাড়তি যত্নেই তার কালীপুজো কাটতে পারে অনেক বেশি নিশ্চিন্তে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker