ইজরায়েলের মসনদে আইজেনকোট? বিরোধী নেতাকে সরকার গঠনের ডাক প্রেসিডেন্টের, চাপে নেতানিয়াহু!

ইজরায়েলের মসনদে কি তাহলে বসতে চলেছেন গাদি আইনজেনকোট? বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ তথা বিরোধী নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য তাঁর হাতে রয়েছে ২৮ দিনের সময়। প্রয়োজনে অতিরিক্ত ১৪ দিন সময় তাঁকে দিতে পারেন প্রেসিডেন্ট। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চাপে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও প্রেসিডেন্টের ডাক পেলেও প্রধানমন্ত্রীর কুরসিতে বসার পথ এখনও মসৃণ নয় আইজেনকোটের।
ইজরায়েলের আইনসভা ‘নেসেট’-এ ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। সেখানে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। ফলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দরকষাকষি ও অনিশ্চয়তা এখনও অব্যাহত রয়েছে। এদিকে আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন। ফলে এই নির্বাচনে তারা ‘কিংমেকার’ হয়ে উঠে এসেছে। তাদের সমর্থন ছাড়া কোনও পক্ষেরই সরকার গঠন সম্ভব নয়। তবে নেতানিয়াহু বা আইনজেনকোট কেউই ‘অচ্ছুত’ আরবদের সমর্থন নিতে আগ্রহী নন। সে কারণেই বেড়েছে জটিলতা। তবে আরব দলগুলি আইজেনকোটকে সমর্থনের প্রস্তাব দিয়েছে। তাই জন্যই সরকার গঠনের জন্য বিরোধী নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট।
এদিকে প্রেসিডেন্ট আইজ্যাকের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলির আলোচনায় আইজেনকোটের পাল্লাই ভারী। সংসদের ৬৭ জন সদস্য তাঁকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহু পাশে পেয়েছেন ৪৬ জনকে সাংসদ। সেই সমীকরণে ইজরায়েলের মসনদে দেশের প্রাক্তন সেনাপ্রধানেরই বসার সম্ভাবনা বেশি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয়। সমীকরণ বদলাতে বেশি সময় লাগে না। আইজেনকোট কি শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠন করতে পারবেন? সেটাই দেখার। যদি তিনি ব্যর্থ হন, তাহলে এরপর ডাক পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে তখন একমাত্র পুনর্নির্বাচনের পথই খোলা থাকবে।
শেয়ার
লিংক



