নিজের ফোনটাই দিয়ে দিলেন মাঠকর্মীকে! দিলদরিয়া রাহুলের ভিডিও ভাইরাল

সংখ্যার নিরিখে খুবই ছোট্ট ইনিংস। মাত্র ২৬ রান। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেই ছোট্ট ইনিংসই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠল দলের জয়ে। শনিবার এই ইনিংস খেলার পর কে এল রাহুলের হাতে ওঠে গেম চেঞ্জার পুরস্কার। কিন্তু আসল খেলা ঘুরে গেল ম্যাচের পর। এক মাঠকর্মীর হাতে নিজের দামি ফোন তুলে দিলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার।
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সামনে লক্ষ্য ছিল ‘নামমাত্র’। কিন্তু কে জানত, সেই ১৩৫ রানের ‘পুকুর’কেও ‘মহাসাগর’ মনে হবে! দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় কিউয়ি ব্রিগেড। সেই রান রোহিত-শুভমান-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং হেসেখেলে টপকে যাবে, এমন প্রত্যাশা থাকা স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত রো-কো ব্যর্থ। ক্যাপ্টেন গিল ব্যর্থ। ভারতের ঘুরে দাঁড়ানোর কারিগর শ্রেয়স আইয়ার। তারপর রাহুল। খুব ছোট্ট ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করলেন দুই ব্যাটার। ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থেকে ৪ রানে জিতে যায় ভারত।
২৬ রানের পাশাপাশি দুর্দান্ত দু’টি ক্যাচও নিয়েছেন রাহুল। সেকারণেই ম্যাচে মোড় ঘোরানোর নায়ক হিসাবে বেছে নেওয়া হয় তাঁকে। পুরস্কারস্বরূপ একটি দামি স্মার্টফোন পেয়েছিলেন রাহুল। কিন্তু মাঠ থেকে বেরিয়েই সেই ফোনটি তিনি দিয়ে দেন এক মাঠকর্মীকে। এমন উপহার পেয়ে অবাক হয়ে গিয়েছেন তিনিও। ওয়েলিংটনের ওই মাঠকর্মী বলছেন, “উনি যে ফোনটা পেয়েছিলেন সেটাই আমাকে দিলেন। আমি তো এসব আশাই করিনি। এই উপহার আমার খুবই ভালো লেগেছে।”
Big player. Bigger heart An act of kindness and pure #TeamIndia | #NZvIND | @klrahul https://t.co/BgT005WZlp
— BCCI (@BCCI) November 8, 2026
ক্রিকেটমহলে রাহুল অবশ্য বেশ দিলদরিয়া বলেই পরিচিত। বয়সে ছোট সতীর্থদের সঙ্গে রেস্তরাঁয় গেলে তিনিই পুরো বিল মেটান, এমনটা বলেছিলেন যশস্বী জয়সওয়াল। এবার আরও একবার নিজের বড় মনের নিদর্শন রাখলেন কর্নাটকি ব্যাটার।
শেয়ার
লিংক



