ভারতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিলেন আরসিবি অধিনায়ক! বিরাট দায়িত্বে কেকেআরের রিঙ্কু

ভারতীয় দল থেকে সরে দাঁড়ালেন রজত পাতিদার! আসন্ন এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপে তিলক বর্মার ডেপুটি হিসাবে সুযোগ পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। কিন্তু চোটের কথা ভেবে আপাতত ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সেই অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই। পাশাপাশি কেকেআরের রিঙ্কু সিংকে বড় দায়িত্ব দিয়েছে ভারতীয় বোর্ড।
পাতিদারের পরিবর্ত হিসাবে দলে জায়গা পেয়েছেন দিল্লির তরুণ অলরাউন্ডার আয়ুষ বাদোনি। শুধু তাই নয়, সহ-অধিনায়ক পদেও বদল এনেছেন নির্বাচকেরা। দায়িত্ব দেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। অর্থাৎ, তিলক বর্মার নেতৃত্বেই খেলবে ভারতীয় ‘এ’ দল। তবে তাঁর ডেপুটি এখন রিঙ্কু। ১৯ থেকে ২৯ নভেম্বর দোহায় হবে এই প্রতিযোগিতা। রবিবার, ৮ নভেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ড জানিয়েছে, পাতিদার নিজেই তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, “রজত পাতিদার বিসিসিআইকে জানিয়েছেন, চোটের কারণে আপাতত ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখবে।”
গত কয়েক মরশুম ধরেই চোটের সমস্যা বারবার ভুগিয়েছে পাতিদারকে। গতবছর অক্টোবরেও বাঁ হাঁটুর সমস্যায় তাঁর ঘরোয়া ক্রিকেট অভিযান ব্যাহত হয়েছিল। তার আগে আইপিএল ২০২৫-এ আঙুলে চোট পেয়েছিলেন তিনি। যদিও এবার ঠিক কোন ধরনের চোটে ভুগছেন, তা স্পষ্ট করেনি বিসিসিআই। কবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন, সেই বিষয়েও বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। ভারতীয় ‘এ’ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের উপর ভরসা রেখেছেন নির্বাচকেরা। রয়েছেন অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটারেরা। উইকেটরক্ষক প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র। পেস আক্রমণে থাকছেন হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আরশাদ খান।
গ্রুপ বি-তে রয়েছে ভারতীয় ‘এ’ দল। তাদের সঙ্গে একই গ্রুপে পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে তারা। দু’টি গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল ২৯ নভেম্বর।
ভারতীয় ‘এ’ দল: অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), তিলক বর্মা (অধিনায়ক), রিঙ্কু সিংহ (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), সূর্যাংশ শেড়গে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান ও আয়ুষ বাদোনি।
শেয়ার
লিংক



