মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত ১১২

কায়রো, ৯ নভেম্বর : মিশরের গিজা গভর্নরেটে রবিবার দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও সাতজনকে শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। বাকি আহতরা চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সংস্থা জিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা পরিষেবা অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও আহতদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজে ৭২টি অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছিল। আহতদের গিজা এবং পার্শ্ববর্তী বেনি সুফ গভর্নরেটের একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার দুই গভর্নরেটের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি পরিষেবা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, তিনি দুর্ঘটনার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
প্রেসিডেন্ট সিসি আরও জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে এবং দুর্ঘটনার দ্রুত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়বদ্ধতা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের প্রাথমিক বিবৃতি অনুযায়ী, কাফর আম্মার এবং আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গিজা-ফাইয়ুম রুটের একটি ট্রেন কায়রো-আসওয়ান রুটের অন্য একটি ট্রেনের পিছনে ধাক্কা মারে। এর ফলেই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও ক্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত বগিগুলি সরিয়ে রেললাইন পরিষ্কার করার কাজ চলছে, যাতে যত দ্রুত সম্ভব উভয় দিকের রেল পরিষেবা স্বাভাবিক করা যায় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মিশরের রেল পরিষেবা দীর্ঘদিন ধরেই পুরনো পরিকাঠামো, যন্ত্রপাতির দুরবস্থা এবং পরিচালনাগত সমস্যায় জর্জরিত। এর জেরে দেশটিতে প্রায়ই রেল দুর্ঘটনার ঘটনা ঘটে। ২০০২ সালে গিজার আয়াত এলাকায় কায়রো-লুক্সরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেটিই মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে পরিচিত।
–আইএএনএস



