রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ অনুষ্ঠানে পরিচ্ছন্নতম শহরগুলিকে পুরস্কৃত করবেন

নয়াদিল্লি, ৯ নভেম্বর : দেশের পরিচ্ছন্নতম শহরগুলিকে সম্মান জানাতে ‘স্বচ্ছ সর্বেক্ষণ’-এর দশম সংস্করণে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীন নগর উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২৫-২৬’-এর মাধ্যমে দেশের পরিচ্ছন্নতম শহরগুলিকে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি স্বচ্ছ ভারত মিশন-আরবান বাস্তবায়নে শহরগুলির উল্লেখযোগ্য অবদানকেও সম্মান জানানো হবে।
নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী তোখন সাহু।
এবারের পুরস্কারে ‘স্বচ্ছ শহর জোড়ি’ উদ্যোগের অধীনে সেরা পারফরম্যান্স করা শহরগুলিকেও স্বীকৃতি দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০টি মেন্টর শহর এবং ১৯১টি মেন্টি শহরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এর মূল লক্ষ্য শহরাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করা।
গত ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল এই ‘স্বচ্ছ শহর জোড়ি’ উদ্যোগের সূচনা করেন। এটি ছিল শহরাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমবারের মতো মেন্টরশিপ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে মেন্টর ও মেন্টি শহরগুলির মধ্যে এই উদ্যোগ কার্যকর করার জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫-২৬ সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার গত এক দশকে বিভিন্ন শহর ও রাজ্যের সম্মিলিত সাফল্যকে উদযাপন করার পাশাপাশি মাটির স্তরে অর্জিত সাফল্য ধরে রাখার নতুন অঙ্গীকারকে তুলে ধরবে।
২০১৬ সালে মাত্র ৭৩টি নগর স্থানীয় সংস্থা নিয়ে শুরু হওয়া স্বচ্ছ সর্বেক্ষণ বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। সর্বশেষ সংস্করণে দেশের ৪,৭৫১টিরও বেশি শহরকে এর আওতায় আনা হয়েছে।
এবারের সমীক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নাগরিকদের মতামতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি শহরের নদীতীর, উপকূলবর্তী এলাকা ও জলাশয়ের পরিচ্ছন্নতার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে মলত্যাগ ও প্রস্রাব রোধ, পর্যটন ও ঐতিহ্যবাহী স্থানগুলির পরিচ্ছন্নতা এবং বিদ্যালয়ে পরিচ্ছন্নতা সংক্রান্ত আচরণগত পরিবর্তনের মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বচ্ছ সর্বেক্ষণের দশম সংস্করণে ১০টি গুরুত্বপূর্ণ মূল্যায়ন ক্ষেত্রের অধীনে মোট ৪৩টি সূচকের ভিত্তিতে নগর স্থানীয় সংস্থাগুলির মূল্যায়ন করা হয়েছে।
সারা দেশে তিন হাজারেরও বেশি প্রশিক্ষিত মূল্যায়নকারী সরেজমিনে এই সমীক্ষা পরিচালনা করেছেন। পুরো প্রক্রিয়ায় রিয়েল-টাইম জিপিএস প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, তথ্য ও প্রমাণ জমা দেওয়া থেকে শুরু করে সেগুলির যাচাই পর্যন্ত সম্পূর্ণ মূল্যায়ন প্রক্রিয়াটি ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। প্রতিটি পর্যায়ে কঠোর গুণগত মান যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছিল।



