দীপাবলির রাতে মধ্যপ্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই পরিবারের ১২ জনের মৃত্যু; মৃতদের মধ্যে দুই মাসের শিশুও

কাটনি, ৯ নভেম্বর : দীপাবলির আনন্দের রাত মুহূর্তেই পরিণত হল শোকের রাতে। মধ্যপ্রদেশের কাটনি ও সিওনি জেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের মোট ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু, বৃদ্ধ-বৃদ্ধা এবং মাত্র দুই মাসের এক সদ্যোজাত। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট পরিবার ও এলাকাজুড়ে।
প্রথম ঘটনাটি ঘটে কাটনি জেলার বারহি শহরে। রবিবার মধ্যরাত নাগাদ একটি তিনতলা ভবনে ভয়াবহ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি ক্রোকারিজের দোকান ছিল। আগুন দ্রুত দোকান থেকে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। সেই সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘন ধোঁয়া ও আগুনের মধ্যে তাঁরা আটকে পড়েন। বেরিয়ে আসার সুযোগ প্রায় পাননি কেউই।
এই ঘটনায় আগরওয়াল পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন পুরান আগরওয়াল (৭৭), তাঁর স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম (৩৫), আর্যা (১৪), আনভি (৬) এবং মাত্র দুই মাসের এক শিশু। পরিবারের আরও দুই সদস্য প্রাথমিকভাবে কোনওরকমে প্রাণে বাঁচতে সক্ষম হন।
রাতভর উদ্ধারকাজ চলে। ভোর সাড়ে চারটা নাগাদ পুরান আগরওয়ালের দেহ উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ছয়টা নাগাদ জেসিবি মেশিনের সাহায্যে দেওয়াল ভেঙে বাকি পাঁচজনের দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
পুলিশের সাব-ডিভিশনাল অফিসার বীরেন্দ্র নারেভ জানান, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে প্রদীপ থেকে আগুন লাগা অথবা শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন নেভানোর কাজে দমকলের প্রাথমিক পরিষেবায় গাফিলতি ছিল। তাঁদের দাবি, বারহি থেকে আসা দমকলের গাড়ির পাইপ ক্ষতিগ্রস্ত ছিল। বিজয়রাঘবগড় থেকে আসা দমকলের গাড়িতেও পাইপের ত্রুটি ছিল বলে অভিযোগ ওঠে। পরে কাইমোর ও কাটনি পুরনিগমের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে সিওনি জেলার ছাপারা শহরের মহাবীর ওয়ার্ডে। রবিবার রাত প্রায় তিনটে নাগাদ স্বর্ণ ব্যবসায়ী কুন্দন সোনির বাড়িতে ভয়াবহ আগুন লাগে। সেই সময় বাড়ির সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁদের বেরিয়ে আসার সুযোগ খুবই কম ছিল।
এই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কুন্দন লাল সোনি (৭৫), রাজকুমারী সোনি (৬৫), ঋতু সোনি (৪২), স্মৃতি সোনি (৪০), সূর্য সোনি (৪৫) এবং আদিত্য সোনি (১৬)। বাড়িতে থাকা আরও চারজনকে, যাঁদের মধ্যে দুই নাবালকও রয়েছে, উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে মোট ১০ জন উপস্থিত ছিলেন।
লখনাদনের এসডিওপি অপূর্বা ভালাভি জানান, আগুন লাগার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় তাঁরা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি।
দুটি অগ্নিকাণ্ডেরই প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দীপাবলির মতো উৎসবের রাতে পরপর এই দুই মর্মান্তিক ঘটনায় রাজ্যের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিষেবার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে
শুরু করেছে।
_______



