চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৪ জন, আশঙ্কাজনক বহু

উত্তর চিনের এক ৪০ তলা বহুতলে ভয়ংকর অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন। চিনা সংবাদমধ্যম সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার সন্ধ্যায়। চিনের শানশি প্রদেশের তাইউয়ান শহরের হাওসেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তাইউয়ান শহরের ওই বাড়িটি প্রায় ৪০ তলা উঁচু। বিরাট এই বহুতলে আবাসনের পাশাপাশি ছিল বাণিজ্যিক ভবনও। একাধিক সংস্থার অফিসের পাশাপাশি ছিল হোটেল, রেস্তোরাঁ এবং ছোটদের জন্য স্টাডি সেন্টার। জানা যায়, রবিবার সন্ধ্যায় ৫টা নাগাদ প্রথম ওই ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে যায় দমকল ও স্থানীয় প্রশাসন। শুরু হয় উদ্ধারকাজ। ক্রেনের সাহায্যে উপরে উঠে শুরু হয় আগুন নেভানোর কাজ। ২ ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। রাত অবধি চলে উদ্ধারকাজ। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহতদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সন্ধ্যায় ৫টা নাগাদ প্রথম ওই ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে যায় দমকল ও স্থানীয় প্রশাসন। শুরু হয় উদ্ধারকাজ।
উল্লেখ্য, চিনের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। দুর্বল বিল্ডিং কোড এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা মোটামুটি প্রায়ই ঘটে। চলতি বছরের মার্চ মাসে তাইউয়ান শহরের একটি বাড়িতে আগুন লেগেছিল। বাড়িটি হাওসেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। সেই বাড়িটিতে ল ফার্ম, অফিস এবং বার ও রেস্তোরাঁ ছিল। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্তত ২৩।
শেয়ার
লিংক



