0%

আট বছরের সম্পর্কে ইতি! পাঞ্জাব ছেড়ে অন্য দলে পাড়ি অর্শদীপের, মনখারাপ বাবার

যাবতীয় জল্পনা-গুঞ্জনের অবসান। দীর্ঘ আট বছরের সম্পর্কে এবার ইতি। পাঞ্জাব কিংস ছেড়ে এবার আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন অর্শদীপ সিং। সরকারি ঘোষণা না হলেও তারকা পেসারের বাবা এদিন জানিয়ে দিলেন, আগামী আইপিএলে অর্শদীপ খেলবেন মুম্বইয়ের নীল জার্সিতে। তারকা পেসারের বাবা জানিয়েছেন, ট্রেডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি এবার খেলবেন পাঁচবারের আইপিএলজয়ী দলে। 

আগামী মাসে আইপিএলের মিনি নিলামের আগে দলবদলের বাজারে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন হার্দিক পাণ্ডিয়া। এবার অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে নেওয়ার দৌড়ে ছিল। যার মধ্যে সবার উপরে নাম ছিল কেকেআরের। লড়াইয়ে ছিল রাজস্থান রয়্যালসও। শেষবেলায় লড়াইয়ে ঢুকে পড়ে পাঞ্জাব কিংস। তারাই শেষমেশ হার্দিককে কিনে নেয়। যদিও বদলে নিজেদের সেরা অস্ত্র অর্শদীপ সিংকে ছাড়ল প্রীতি জিন্টার দল।

ভারতীয় ক্রিকেট সার্কিটে অর্শদীপের উত্থানই হয় পাঞ্জাবের হাত ধরে। আট বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। অনূর্ধ্ব ১৯ পর্ব শেষ করেই তিনি পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। তবে ভালো পারফরম্যান্স করেও আইপিএল জয়ের স্বাদ মেলেনি। এবার তিনি চলে গেলেন মুম্বইয়ে। জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং, ভারতীয় দলের দুই সেরা পেসারই এবার খেলবেন মুম্বইয়ের হয়ে। যদিও মুম্বই বা পাঞ্জাব কোনও দলের তরফ থেকেই এই ট্রেড নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার অর্শদীপের বাবা এক সাংবাদিককে জানান, “ট্রেড হয়ে গিয়েছে। আমরাও একদম আচমকাই ব্যাপারটা জানতে পেরেছিলাম। যদিও একটু মনখারাপ করছে, আমাদের নিজেদের দল ছেড়ে চলে গেল। তবে মুম্বইয়ে খেলবে বলে আমরা খুব খুশি। সব দলই নিজেদের ভালো করে গুছিয়ে নিতে চাইছে, তাই ট্রেড করেছে।” অর্শদীপের ট্রেড হয়ে যাওয়ার অর্থ আরও একবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে বিচ্ছেদ হল হার্দিকের। আগেরবার মুম্বই ছেড়ে গুজরাট টাইটান্সে গিয়েছিলেন, দলকে আইপিএল জিতিয়েছিলেন। এবার পাঞ্জাবে গিয়ে কি তিনি অধিনায়ক হবেন? নাকি শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলবেন তিনি?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker