0%

দিঘার ভোলবদল! হেলিকপ্টার, নতুন সৈকত, হোম স্টে-কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

কলকাতা: দিঘাকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুধু দিঘা নয়, সংলগ্ন বিস্তীর্ণ উপকূলীয় এলাকাকেও পর্যটনের মানচিত্রে নতুন করে…

কলকাতা: দিঘাকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুধু দিঘা নয়, সংলগ্ন বিস্তীর্ণ উপকূলীয় এলাকাকেও পর্যটনের মানচিত্রে নতুন করে তুলে ধরার উদ্যোগ করা হচ্ছে। সেই পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কালীপুজো উপলক্ষে দিঘায় গিয়ে পর্যটন পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানান তিনি।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। এই কাজে পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ এবং পরিবেশ দফতর একসঙ্গে কাজ করবে। গোপালপুর, মাঝিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই এবং পেটুয়া-সহ একাধিক এলাকায় নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পর্যটকদের কথা মাথায় রেখেই এই কেন্দ্রগুলিতে তুলনামূলক কম খরচে থাকার ও ঘোরার ব্যবস্থা করা হবে।

আকাশপথে দিঘা যাওয়ার সুযোগ

দিঘায় পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে হেলিকপ্টার পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ফলে ভবিষ্যতে আকাশপথেও দিঘায় পৌঁছনোর সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং চন্দনেশ্বর মন্দির পর্যন্ত পর্যটকদের জন্য বাস পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

হোম স্টে তৈরিতে ৫ লক্ষ টাকা সাহায্য

উপকূলবর্তী এলাকায় পর্যটন ব্যবসার প্রসারে স্থানীয় বাসিন্দাদেরও যুক্ত করতে চাইছে রাজ্য সরকার। নতুন পর্যটনকেন্দ্রগুলিতে কেউ হোম স্টে তৈরি করতে চাইলে তাঁকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। নতুন দোকান, লজ কিংবা হোটেল তৈরির ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানান, স্থানীয় বাসিন্দাদের জন্য পর্যটনকে আয়ের নতুন সুযোগ হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ফিরবে ঝাউবন, তৈরি হবে ম্যানগ্রোভ

দিঘার প্রাকৃতিক পরিবেশ রক্ষাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সৈকত এলাকায় নতুন করে ঝাউগাছ লাগানো এবং ম্যানগ্রোভের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে বন্ধ হয়ে যাওয়া স্নেক পার্ক ফের চালু করা এবং বিভিন্ন পার্কের সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের সুবিধার জন্য সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক বাসের চার্জিং পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে।

উপকূল ভাঙন রুখতে ১,৬০০ কোটি টাকার প্রকল্প

পর্যটনের পাশাপাশি উপকূলের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নেও পদক্ষেপ করছে সরকার। চাঁদপুর ও শঙ্করপুরে সমুদ্রের ভাঙন রুখতে সেচ দফতরের দুটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে প্রায় ১,৬০০ কোটি টাকা। অন্যদিকে, সমুদ্রে দুর্যোগ মোকাবিলার জন্য আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে একটি ডিএমজি সেল গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে দিঘাকে কেন্দ্র করে প্রায় ২৭ কিলোমিটার উপকূলজুড়ে পর্যটন, পরিবহণ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় কর্মসংস্থানকে একসঙ্গে গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে দিঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের একাধিক উপকূলবর্তী এলাকাও নতুন পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে।

মধ্যমগ্রামে চিকিৎসার নামে ধর্মান্তকরণের চেষ্টা ভেস্তে দিল স্থানীয় হিন্দুরা

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের ‘এনকাউন্টার’, পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker