এশিয়াডে ব্যর্থতার পরেই সাইনাদের কাছে হার পিটি উষার, ভারতের অলিম্পিক স্বপ্নে নেতৃত্ব দেবেন কে?

সব কিছু ঠিকঠাক থাকলে এবারেও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বসতে চলেছেন প্রাক্তন ক্রীড়াবিদ। একদিকে যেমন প্রথিতযশা ক্রীড়াবিদদের ভোটে হেরে গেলেন প্রাক্তন অ্যাথলেট পিটি ঊষা। সেরকম আরেক দিকে প্রাক্তন আন্তর্জাতিক শুটার গগন নারাং যে আইওএর সভাপতি পদে বসতে চলেছেন, এদিন মোটামুটি সেটাও এক প্রকার নিশ্চিত হয়ে গেল। তবে আইওএর সভাপতি পদের দৌড়ে সামান্য হলেও গগন নারাংয়ের সঙ্গে লড়াইয়ে রয়েছেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। যদিও সাইনার জেতার আশা বেশ ক্ষীণ।
সোমবার ছিল আইওএ-র জেনারেল বডিতে নির্বাচিত হওয়ার জন্য চারজন পুরুষ বিভাগের ‘স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিটের’ নির্বাচন। সেরকম আউটস্ট্যান্ডিং স্পোর্টসপার্সন বিভাগে চারজন মহিলা ক্রীড়াবিদকেও নির্বাচিত করা হয়েছে আইওএ-র জেনারেল বডির জন্য। সেখানেই সাইনা নেহওয়াল, অঞ্জু ববি জর্জদের কাছে হেরে গেলেন পিটি উষা। যে চারজন মহিলা ক্রীড়াবিদ জেনারেল বডির জন্য এদিন ক্রীড়াবিদদের ভোটে নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন, অঞ্জু ববি জর্জ, রানি রামপাল, দোলা বন্দ্যোপাধ্যায় এবং সাইনা নেহওয়াল। পুরুষদের বিভাগে যে চারজন প্রাক্তন ক্রীড়াবিদ জেনারেল বডির জন্য নির্বাচিত হলেন, তাঁরা হলেন গগন নারাং, কমলেশ নবীনচন্দ্র মেহতা, যোগেশ্বর দত্ত এবং বিজেন্দর সিং। দুই বিভাগ মিলিয়ে যে আটজন ক্রীড়াবিদ এদিন আইওএ-র জেনারেল বডির জন্য নির্বাচিত হলেন, তাতে আপাতত যা খবর, প্রাক্তন তারকা শুটার গগন নারাং আসন্ন আইওএর নির্বাচনে সভাপতির পদে এগিয়ে রয়েছেন। আর পিটি উষা এদিন জেনারেল বডির নির্বাচনে পরাজিত হওয়ায়, আইওএ-র সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না। ফলে গগন নারাং আপাতত সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
গত চার বছর ধরে আইওএর সভাপতি পদে ছিলেন প্রাক্তন তারকা অ্যাথলিট পিটি ঊষা। তাঁর কার্যকালে মাঝে মধ্যেই নানারকম সমস্যার কথা শোনা যাচ্ছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার দরুণ, কল্যাণ চৌবেও ছিলেন আইওএ-র জয়েন্ট সেক্রেটারি। তাঁর সঙ্গেও পিটি ঊষার সমস্যার কথা মাঝেমধ্যেই শোনা যেত। সম্প্রতি এশিয়ান গেমসেও ভারতের পারফরম্যান্স আশাপ্রদ নয়। এহেন পিটি উষা যে এবারের আউটস্ট্যান্ডিং স্পোর্টস পার্সন হিসেবে জেনারেল বডির নির্বাচনে হারবেন, মোটামুটি নিশ্চিতই ছিল। প্রাক্তন ক্রীড়াবিদরাই তাঁকে নির্বাচিত করলেন না।
আইওএ-র নির্বাচনের দিন ঠিক হয়েছে ৫ ডিসেম্বর। এদিন জেনারেল বডির জন্য ক্রীড়াবিদদের তালিকা ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সদস্যদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার। আপাতত যা জানা যাচ্ছে, আইওএ-র নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল শুরু হবে ১৫ নভেম্বরের পর থেকে। যদি সভাপতির পদে নির্বাচনের আগেই প্রাক্তন তারকা শুটার গগন নারাংয়ের নাম ঠিক হয়ে যায়, তাহলে হয়তো নির্বাচনটাই আর হবে না। কারণ, সেক্ষেত্রে বিরোধী পক্ষের মনোনয়ন দাখিল হওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা শোনা যাচ্ছে, প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা শেষমুহূর্তে সভাপতির পদে মনোনয়ন পেশ করলেও করতে পারেন। যার সম্ভাবনা অবশ্য খুবই কম।
শেয়ার
লিংক



