নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

নিজস্ব প্রতিনিধি: খবর আগেই মিলেছিল। এবার সেই খবরেই পড়ল সিলমোহর। আইপিএলের নিলামের আগেই ক্রিকেটপ্রেমীরা পেলেন বড় চমক। এবার বদলে যাচ্ছে দুই তারকা ক্রিকেটারের দল। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক শেষ করে পঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে। অন্যদিকে, পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপাতে চলেছেন তারকা পেসার অর্শদীপ সিং। আইপিএল ২০২৭-এর আগে এই হাই-প্রোফাইল ট্রেড ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। দুই ফ্র্যাঞ্চাইজির এই অদলবদলে নতুন মরশুমে দুই দলে বড় পরিবর্তন আসতে চলেছে।
আইপিএলের পক্ষ থেকে জানানো বিবৃতি অনুসারে, এই ট্রেডে হার্দিক পান্ডিয়ার চুক্তির অঙ্কও বেড়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর পারিশ্রমিক ছিল ১৬.৩৫ কোটি টাকা। এবার পঞ্জাব কিংস তাঁকে দলে নিচ্ছে ১৮ কোটি টাকার বিনিময়ে। অর্থাৎ নতুন দলে গিয়ে ১.৬৫ কোটি টাকা বেশি পাবেন হার্দিক। অন্যদিকে, অর্শদীপ সিং মুম্বইয়ে যোগ দিচ্ছেন তাঁর আগের ১৮ কোটি টাকার পারিশ্রমিকেই।
মুম্বইয়ের সঙ্গে দ্বিতীয় ইনিংসও শেষ হার্দিকের
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। সাত মরশুম মুম্বইয়ে কাটিয়ে ২০২২ সালে গুজরাত টাইটান্সে যোগ দেন তিনি। সেখানে অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালেও গুজরাত ফাইনালে পৌঁছেছিল। এরপর ২০২৪ সালে ফের মুম্বইয়ে প্রত্যাবর্তন এবং অধিনায়কত্বের দায়িত্ব পান হার্দিক। এবার সেই দলের সঙ্গেই সম্পর্ক শেষ হল তাঁর। আইপিএলে এখনও পর্যন্ত ১৬২টি ম্যাচ খেলেছেন হার্দিক। ১৪৬.২৮ স্ট্রাইক রেটে করেছেন ২৯৫৫ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮২টি উইকেট।
মুম্বইয়ের বোলিং বিভাগের শক্তি বাড়াবে অর্শদীপ
অন্যদিকে, অর্শদীপ সিংয়ের আগমনে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগ আরও শক্তিশালী হতে চলেছে। ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এই বাঁহাতি পেসার পাওয়ার প্লে থেকে ডেথ ওভার, দুই ক্ষেত্রেই কার্যকর। পাঞ্জাব কিংসের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। এবার জসপ্রীত বুমরাহদের সঙ্গে মুম্বইয়ের বোলিং আক্রমণে নতুন জুটি গড়ার সুযোগ পাবেন অর্শদীপ।
The post নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



