আইপিএলে বড়সড় বদল চাইছে কেকেআর! ললিত মোদির প্রস্তাব সমর্থন জুহি চাওলার

আগামী মরশুমে আইপিএলের সময় কী এগিয়ে আসছে? আইপিএলের জন্য অন্য সমস্ত সিরিজ কি পিছিয়ে দিতে হবে আইসিসি ও অন্য দেশের বোর্ডগুলিকে? এবার আরও জোরালো হচ্ছে সেই দাবি। এতদিন এই দাবি তুলছিলেন ললিত মোদি, কোটি টাকার টুর্নামেন্টটিই যাঁর মস্তিষ্কপ্রসূত। এবার ললিতের সেই দাবিকে সমর্থন করলেন কেকেআরের সহকারী মালকিন জুহি চাওলা। তিনি চাইছেন আগামী মরশুমে আইপিএল শুরু হোক জানুয়ারি মাসে।
এখন আইপিএলে ১০টি দল খেলে। মোট ম্যাচ হয় ৭৪টি। লিগ পর্বে সব দল সবার বিরুদ্ধে খেলে না। সব মিলিয়ে টুর্নামেন্ট আড়াই মাস চলে। মোটামুটিভাবে মার্চের মাঝামাঝি শুরু হয়ে মে মাসের শেষদিক পর্যন্ত টুর্নামেন্ট চলে। ওই সময় ভারতের কোথাও বৃষ্টি হয়, কোথাও প্রচণ্ড গরম থাকে। বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে আবার গরমে চোটের কবলে পড়েন ক্রিকেটাররা, সেই সঙ্গে পেয়ে বসে ক্লান্তি। অতি গরমে বা বৃষ্টিতে সমর্থকরাও সমস্যায় পড়েন। তাই আইপিএলের দিনক্ষণ এগিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ললিত মোদি। সেই প্রস্তাবকে সমর্থন করলেন জুহি চাওলা।
জুহি বলছেন, আইপিএল আর ছোটখাট কোনও টুর্নামেন্ট নয়। এটি স্বমহিমায় বিশ্বক্রিকেটে আলাদা জায়গা করে নিয়েছে। সেই কারণে আইপিএল-কে এখন আন্তর্জাতিক ক্যালেন্ডারের মাঝে কোনও মতে জায়গা দিলে, তাতে রাজি হওয়া উচিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআই যখন চাইবে তখনই আইপিএলের আয়োজন করতে পারে। তাতে আইসিসি বা অন্য কোনও দেশের বোর্ডের কিছু বলার থাকতে পারে না। জুহির প্রশ্ন, “তাহলে কেন এত গরমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ হবে? কেন এপ্রিল-মে মাসের বদলে জানুয়ারি মাসে তা করা যাবে না?”
আইপিএল এগোনর কথা বিসিসিআইও যে ভাবছে না, তেমন নয়। পিটিআই সূত্রে জানা গিয়েছে, আসন্ন মরশুমে আইপিএল শুরু হতে পারে ২০২৭ সালের ১০ মার্চ। চলবে ১৫ মে পর্যন্ত। অর্থাৎ প্রতিযোগিতা এগিয়ে আনা হচ্ছে প্রায় ২০ দিন। তবে আগামী দিনে ওই মেগা টুর্নামেন্ট যদি আরও এগিয়ে এসে জানুয়ারিতে হত তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
শেয়ার
লিংক



