0%

ইস্টবেঙ্গলের জন্য দুঃসংবাদ, ডার্বিতেও অনিশ্চিত আনোয়ার

চেন্নাইয়িন এফসি ম্যাচে ছিলেন না আনোয়ার আলি। ইস্টবেঙ্গলের রক্ষণ হিমশিম খেয়েছে। প্রভসুখন গিল চেষ্টা করলেও পাঁচ গোল খেতে হয়েছে। আনোয়ারের যা চোটের অবস্থা তাতে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে। যদি সত্যি এতটা সময় তাঁকে না পাওয়া যায়, তাহলে ২৯ নভেম্বর আসন্ন আইএসএলের প্রথম লেগের ডার্বি রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলারকে ছাড়াই নামতে হতে পারে ইস্টবেঙ্গলকে।

‘এসিএল টু’-তে আল শিবের বিরুদ্ধে খেলার সময় চোট পান আনোয়ার। এমআরআই রিপোর্টের পর জানা যায়, আনোয়ারের চোট বেশ ভালোরকম গুরুতর। যা পরিস্থিতি তাতে ৩-৪ সপ্তাহ তাঁকে পাওয়া যাবে না। ফলে অন্তত গোটা তিনেক ম্যাচ তিনি মাঠের বাইরে থাকতে পারেন। এর মধ্যে রয়েছে এসসি দিল্লির বিরুদ্ধে আইএসএলের ম্যাচ, আল হুসেনের বিরুদ্ধে এসিএল টু-র ম্যাচ। ইস্টবেঙ্গলের ভাগ্য সুপ্রসন্ন না হলে ২৯ নভেম্বর ডার্বিতেও তাঁকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আনোয়ার-হীন লাল-হলুদ রক্ষণের সামনে ডার্বি যথেষ্টই চ্যালেঞ্জ হতে পারে।

তিনি একা নন। চোটের তালিকায় নাম লেখালেন জাতীয় দলের আরেক ইস্টবেঙ্গল ফুটবলার এডমুন্ড। চোটের জন্যই রবিবার জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড যেতে পারলেন না এডমুন্ড। এই মুহূর্তে বিশাল কাইথরা অকল্যান্ডে গিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি খেলতে। সেই দলের সঙ্গে যাওয়ার কথা ছিল এডমুন্ডের। একেবারে শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। আপাতত আইএসএল বন্ধ থাকায় ইস্টবেঙ্গলের অনুশীলন ছুটি। ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন হাবাস। যেদিন ফের অনুশীলন শুরু হবে সেদিন যোগ দেওয়ার কথা এডমুন্ডেরও।

এসিএল টু-তে শেষ ম্যাচে আল সিবের বিরুদ্ধে হারের পর ইস্টবেঙ্গলের সামনে এই মুহূর্তে এসিএল টু-র পরের রাউন্ডে যাওয়ার আশা কার্যত অবশিষ্ট নেই। খাতায় কলমে দুরূহ সমীকরণের হিসাব করতে হচ্ছে। এদিকে আগের ম্যাচ আইএসএলে লজ্জার হারের ফলে আইএসএলেও বেশ চাপে লাল-হলুদ শিবির।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker