‘আমাদের নকশাল বলছেন প্রধানমন্ত্রী’, মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দলগুলির উদ্দেশে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে তাঁকে…
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দলগুলির উদ্দেশে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে তাঁকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, কে দেশবিরোধী এবং কারা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কাজ করছেন, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা হওয়া প্রয়োজন।
সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মোদীকে ফের বিতর্কের আহ্বান জানান রাহুল। সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে লেখা ওই পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে জওয়ানদের মুখের অভিব্যক্তিতেই তাঁদের প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে গিয়েছিল। রাহুলের দাবি, প্রধানমন্ত্রীর কথায় তাঁরা বিশ্বাস করেননি। তিনি লেখেন, “উনি আমাদের নকশাল বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার চ্যালেঞ্জ এখনও বহাল রয়েছে। যে কোনও সময়, যে কোনও জায়গায় আলোচনা হতে পারে।” বিতর্কের পরে প্রধানমন্ত্রী আর কোনও জওয়ানের সামনে দাঁড়ানোর সাহস পাবেন না বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা।
রবিবার ছত্তিশগড়ের বস্তার জেলার করণপুরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর একটি শিবিরে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্যাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিরাপত্তারক্ষীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জঙ্গলে সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি কার্যত শেষ হলেও নকশালবাদের বিপদ পুরোপুরি কাটেনি। তাঁর অভিযোগ, নকশালপন্থী আদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের মধ্যে প্রভাব বিস্তার করেছেন। এঁদেরই ‘দিমাগি নকশাল’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মোদীর বক্তব্য, এই ধরনের ব্যক্তিরা দেশের সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্ররোচিত করছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে তাঁদের অনুপ্রবেশ ঘটেছে বলেও দাবি করেন তিনি। এই শক্তিকে চিহ্নিত করে পরাস্ত করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ কেন্দ্রীয় সরকার দেশে নকশালবাদের অবসানের ঘোষণা করেছিল। একাধিক মাওবাদী নেতা ও সদস্যের মৃত্যুর পাশাপাশি বহু মাওবাদীর আত্মসমর্পণের পর এই ঘোষণা করা হয়। মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে সাফল্যকে সরকারের সঠিক নীতি এবং রাজনৈতিক সদিচ্ছার ফল বলে ব্যাখ্যা করেছিলেন মোদি।
এর আগেও স্বাধীনতা দিবসের ভাষণে ‘দিমাগি নকশাল’ প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, জঙ্গল থেকে সশস্ত্র নকশালবাদ অনেকটাই নির্মূল হলেও তাদের আদর্শে বিশ্বাসীরা এখনও হিংসা ও অরাজকতা ছড়ানোর সুযোগ খুঁজছে। এবার দীপাবলির অনুষ্ঠানে একই প্রসঙ্গ তুলে ধরায় নতুন করে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত সামনে এল।
সেচ্ছাসেবক ছাড়া কারুর অনুগ্রহ নেই! সংঘের শতবর্ষে অকপট ভাগবত
নিজেদের জীবন নিজেরাই দুর্বিষহ করছেন! দিল্লি-মুম্বইয়ের দূষণ নিয়ে কটাক্ষ আরশোলা প্রধানের



