0%

বৈভবের গ্যারাজে আরও এক মহার্ঘ গাড়ি, কে দিল উপহার! স্টিয়ারিং নিজের হাতে নেবে তারকা?

খেলাধুলা করে যে, গাড়িঘোড়া চড়ে সে! মাত্র ১৫ বছর বয়সেই সাফল্যের শিখরে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভারতের এই ‘বিস্ময় প্রতিভা’র গাড়ির সংগ্রহও ক্রমবর্ধমান। এবার পুরস্কার হিসাবে নতুন টাটা সিয়েরা পেল বিহারের প্রাণভোমরা। গত আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হয়েছিল বাঁহাতি তারকা। সেই উপহারই এখন পেয়েছে সে। পরিবারের সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে বৈভবের ছবি ইতিমধ্যেই ভাইরাল।

২০২৫ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল বৈভবের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আইপিএলের দুই মরশুমে নজরকাড়া পারফরম্যান্সের পর ভারতীয় দলেও জায়গা করে নিয়েছে। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় তার। এখনও পর্যন্ত ১০টি টি-টোয়েন্টিতে ২৯৫ রান করেছে বৈভব। রয়েছে দু’টি হাফসেঞ্চুরি। গত অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার মাঠে নেমে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল বৈভব। 

টাটা সিয়েরাই অবশ্য বৈভবের প্রথম গাড়ি নয়। ২০২৫ সালের আইপিএলেও ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হওয়ার জন্য তাঁকে উপহার দেওয়া হয়েছিল টাটা কার্ভ ইভি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি মহার্ঘ গাড়ি। গত আইপিএলে ঝড় তুলেছিল বৈভব। ১৬টি ম্যাচে পাঁচটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি-সহ তার মোট রান ৭৭৬। যা প্রতিযোগিতায় সর্বোচ্চ। তার ব্যাট থেকে আসে ৬৩টি চার, ৭২টি ছক্কা। দুরন্ত এই পারফরম্যান্সের পর জিতে কমলা টুপিও পেয়েছিল বৈভব।

আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিমধ্যে নজর কেড়েছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। ১৫ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করে বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার নজির গড়ে সে। এবার আরও বড় দায়িত্ব বর্তেছে বৈভবের উপর। বিহার সিনিয়র পুরুষ দলকে নেতৃত্ব দেবে সে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দু’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কথা তার। বাইশ গজে একের পর এক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় উপহার পেল সে। উল্লেখ্য, ভারতে টাটা সিয়েরার দাম শুরু হচ্ছে ১১.৪৯ লক্ষ থেকে। ভেরিয়েন্ট অনুযায়ী তা সর্বোচ্চ ২১.৫৯ লক্ষ টাকা পর্যন্ত। এখন স্টিয়ারিং নিজের হাতে কবে নেয় বৈভব, সেটাই দেখার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker