0%

‘খোয়াজার প্রত্যেকটা কথাই সত্যি’, ৮ বছর পর বল বিকৃতি কাণ্ডে মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার

আট বছর আগের কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে উত্তাল ক্রিকেটমহল। প্রতিদিনই সামনে আসছে নিত্য নতুন তথ্য। একদিন আগেই উসমান খোয়াজা দাবি করেছিলেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রায় সকলেই জানতেন। অথচ ঘটনার দায় চাপানো হয়েছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটের উপরেই। এবার সতীর্থের সেই দাবির সঙ্গে সহমত পোষণ ওয়ার্নারের। তাঁর সাফ কথা, খোয়াজার মন্তব্যের প্রত্যেক কথাই সত্যি।

সোশাল মিডিয়ায় এক ভিডিওয় মুখ খুলেছেন অজি দলের প্রাক্তন ওপেনার। তিনি জানান, ওই ঘটনার তদন্ত হয়েছিল তাড়াহুড়ো করে। তাতে অসংখ্য গলদ ছিল। ওয়ার্নারের কথায়, “তদন্তের কাজ দ্রুত শেষ করা হয়েছিল। গোটা প্রক্রিয়াতেই ত্রুটি ছিল। খোয়াজা যা বলেছে, তার প্রত্যেকটা কথাই সত্যি। এখন সবাই প্রকৃত সত্যিটা জানতে পেরেছে। মানুষ এই সত্যের অপেক্ষাতেই ছিল। খোয়াজা সাহস করে সামনে এসে কথাগুলো বলেছে। আসল সত্যিটা প্রকাশ্যে আসা জরুরি ছিল।”

খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে খোয়াজার আত্মজীবনী। তার আগে বইয়ের প্রচারে পুরনো ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিনি, এমন অভিযোগও উঠেছে। তবে সেই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ওয়ার্নার। বরং খোয়াজাকে আক্রমণ করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, “এখন অনেকেই প্রশ্ন তুলছে, আট বছর পরে কেন এই কথা? কেউ কেউ বই বিক্রির প্রসঙ্গও টেনে আনছে। এটা কি ব্রিসবেনের কোনও গল্প, না কি উসমানের নিজস্ব বিশ্বাস? এই ধরনের সমালোচনা একেবারেই অর্থহীন।”

খোয়াজা জানিয়েছিলেন, বল বিকৃতি কাণ্ডের তদন্ত চলাকালীন ড্রেসিংরুমের সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে কোনও প্রশ্ন করা হয়নি। সেই বক্তব্যকেও সমর্থন করেছেন ওয়ার্নার। বলেছেন, “গোটা তদন্ত প্রক্রিয়াতেই একাধিক ভুল ছিল। ব্যানক্রফটের ঠিক পাশেই বসেছিল খোয়াজা। তা সত্ত্বেও ওকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। এমন তদন্তকে কীভাবে পূর্ণাঙ্গ বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করেছে।”

ওয়ার্নারের মতে, খোয়াজা কেন এত দিন পরে মুখ খুললেন, সেই প্রশ্ন না তুলে বরং তদন্তের স্বচ্ছতা নিয়ে আলোচনা হওয়া উচিত। তাঁর কথায়, “আমাদের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দায়বদ্ধতা ও স্বচ্ছতা। পাশাপাশি সত্যিটা যাতে নিরপেক্ষ ভাবে যাচাই করা হয়, সেটাও নিশ্চিত করতে হবে। ওই ব্যক্তিকে প্রশ্নের মুখে না ফেলে যাঁরা তদন্তের দায়িত্বে ছিলেন, তাঁদের কাছে জবাব চাওয়া উচিত।”

এতদিন পরে কেন ভিডিও প্রকাশ করলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ওয়ার্নার। তাঁর কথায়, “গত কয়েক দিনে মেয়েদের সঙ্গে বসে আমাকে সবটা আলোচনা করতে হয়েছে। সেদিন আসলে কী ঘটেছিল, তা ওদের বুঝিয়ে বলেছি। এই কারণেই ভিডিও প্রকাশ করতে কিছুটা সময় লেগেছে। আমার ১২ বছরের মেয়ে আইভি জানতে চেয়েছিল, সেদিন টেলিভিশনে আমাকে কাঁদতে কাঁদতে কেন ওকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল। মেয়েদের কাছে গোটা বিষয়টা ব্যাখ্যা করা আমার জন্য খুব কঠিন ছিল।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker