‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ের ডাক ধমেন্দ্র প্রধানের, দেশবিরোধী শক্তিকে মোকাবিলার আহ্বান

পাটনা, ৯ নভেম্বর : ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে লড়াইয়ের আহ্বান জানালেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধমেন্দ্র প্রধান। তাঁর অভিযোগ, এই শক্তিগুলি দেশে অরাজকতাকে উৎসাহিত করছে এবং ভারতের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে।
সোমবার জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝার বাসভবনে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ধমেন্দ্র প্রধান। এদিন তিনি দীপাবলি উদযাপন এবং বিহারের আসন্ন ছটপুজো নিয়েও কথা বলেন।
তিনি বলেন, অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দীপাবলি উদযাপিত হয়েছে। এবার বিহার ছটপুজো উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহার ও ভারত উভয়ই উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রীর দীপাবলি উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের করণপুরে কোবরা অপারেশন বেসে আধাসামরিক ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। প্রতি বছরের মতো এবারও তিনি নিরাপত্তা কর্মীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন।
‘দিমাগি নকশাল’ মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ধমেন্দ্র প্রধান বলেন, এই ধরনের মানুষ দেশে অরাজকতার জন্ম দিচ্ছে এবং ভারতের উন্নয়নের বিরোধিতা করছে। এদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, “যারা দেশের উন্নয়ন ও অগ্রগতির বিরোধিতা করছে, তাদের সরিয়ে দিতে হবে। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এমন যে কোনও শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং তাদের উপযুক্ত জবাব দিতে হবে।”
অরাজকতা ছড়ানোর চেষ্টাকারীদের ‘দিমাগি নকশাল’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, এই শক্তিগুলির মোকাবিলা করতে হবে গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ‘দিমাগি নকশাল’ শব্দের ব্যবহার এবং দেশের স্বার্থবিরোধী শক্তিগুলির বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করা উচিত, তা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে।
______



