0%

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

নিজস্ব প্রতিনিধি: আইপিএল মানেই উত্তেজনা, টানটান লড়াই আর কোটি কোটি টাকার ব্যবসা। প্রতি মরশুমেই বাড়ছে এই টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তা, বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলির বাজারমূল্যও। এবার সেই আইপিএলকেই আরও বড় করার পরিকল্পনা করছে BCCI।  ১০ নয় খেলবে ১২টি দল। ২০২৮ সালের আইপিএলকে সামনে রেখে এমনই পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর সেই নতুন দুই দলের সম্ভাব্য হোম ভেন্যু হিসেবে উঠে আসছে মহারাষ্ট্রের পুণে এবং গুজরাতের ভদোদরার নাম। যদিও গোটা বিষয়টি এখনও আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এই খবর সামনে আসতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, সব ঠিক থাকলে ২০২৮ সাল থেকে ১০ দলের বদলে ১২টি দল নিয়ে আয়োজিত হতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সালের নতুন মিডিয়া রাইটসের  সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলে অন্তত দু’টি নতুন দল যুক্ত করার পরিকল্পনা খতিয়ে দেখছে BCCI। তবে কোন শহর চূড়ান্ত হবে, তা এখনও নিশ্চিত নয় বিনিয়োগকারীদের আগ্রহ এবং বাণিজ্যিক সম্ভাবনার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রতিটি নতুন ফ্র্যাঞ্চাইজির বাজারমূল্য  ১ বিলিয়ন ডলারের (প্রায় ৮,৯০০ কোটি টাকা) বেশি হতে পারে। সম্প্রতি আরসিবি ১.৭৮ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস প্রায় ১.৬৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। একাধিক আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা, পশ্চিম এশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল এবং দেশের বড় শিল্পগোষ্ঠীগুলি নতুন দল কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বলে জানা গিয়েছে। 

কেন পুণে ও ভদোদরা?

পুণের সঙ্গে আইপিএলের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিল সাহারা গোষ্ঠীর মালিকানাধীন পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া। পরে আর্থিক বিবাদের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় তারা। এরপর ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন অস্থায়ীভাবে আইপিএলে খেলেছিল রাইজিং পুণে সুপারজায়ান্ট। ২০১৭ সালে ফাইনালেও উঠেছিল দলটি। যদিও মাত্র এক রানে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। অন্যদিকে, ভদোদরার নাম উঠে আসার পিছনে রয়েছে গুজরাতের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন। আমেদাবাদে বর্তমানে গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড। সেখান থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে ভদোদরা। ফলে গুজরাতে আরও একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি তৈরি হলে ক্রিকেটের বাণিজ্যিক পরিসর আরও বাড়তে পারে।

The post ১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker