0%

দূষণের ভয়াবহ দুর্ভোগ আড়াল করতে মিথ্যা পরিসংখ্যানের আশ্রয় নিচ্ছে সরকার: অখিলেশ যাদব

 

লখনউ, ১০ নভেম্বর : দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি এবং বায়ুর গুণমান সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির (এসপি) সর্বভারতীয় সভাপতি অখিলেশ যাদব। দূষণের প্রকৃত পরিস্থিতি আড়াল করতে দিল্লির বিজেপি সরকার মিথ্যা পরিসংখ্যানের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় যখন ভয়াবহ বায়ুদূষণ পরিস্থিতি অব্যাহত, তখনই সোমবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে অখিলেশ যাদব বলেন, দিল্লিতে ক্ষমতাসীন দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকার দূষণের কারণে মানুষের অসহনীয় দুর্ভোগকে মিথ্যা পরিসংখ্যানের আড়ালে ঢাকার চেষ্টা করছে। দূষণের প্রকৃত মাত্রা জানতে হলে সেই সমস্ত নিরীহ শিশু, অসুস্থ মানুষ এবং প্রবীণদের জিজ্ঞাসা করা উচিত, যাঁরা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বিজেপি আগে মিথ্যাবাদী ছিল, এখনও মিথ্যাবাদী এবং ভবিষ্যতেও মিথ্যাবাদীই থাকবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিট নাগাদ দিল্লির বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল ৩০৪। ফলে দিল্লি-এনসিআরের বায়ুদূষণ পরিস্থিতি এখনও ‘অত্যন্ত খারাপ’ বা ‘ভেরি পুওর’ বিভাগেই রয়েছে।

দিওয়ালির পর সোমবার দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। মঙ্গলবার সেই মাত্রায় কিছুটা উন্নতি হলেও রাজধানীর একাধিক পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা এখনও উদ্বেগজনক। আবহাওয়ার পরিস্থিতিও দূষিত বাতাস ছড়িয়ে পড়ার অনুকূলে না থাকায় শীঘ্রই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম।

এদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের (সিএকিউএম) নির্দেশে দিল্লি-এনসিআরে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (গ্র্যাপ) তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ বহাল রয়েছে। দূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ, নজরদারি বৃদ্ধি এবং বিধিনিষেধ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

দিল্লির পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের সংলগ্ন জেলাগুলিতেও এই বিধিনিষেধ কার্যকর রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি (আইআইটিএম)-এর পূর্বাভাসের ভিত্তিতে দূষণের মাত্রা ‘সিভিয়ার’ পর্যায়ে পৌঁছনোর আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গ্র্যাপ হলো সিএকিউএম, সিপিসিবি এবং বিভিন্ন রাজ্য সরকারের সমন্বয়ে পরিচালিত চার পর্যায়ের একটি জরুরি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বায়ুর গুণমান যত খারাপ হয়, ততই কঠোর করা হয় এই ব্যবস্থার বিধিনিষেধ।

–আইএএনএস

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker