ভাগাভাগি হয়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ! ওয়ানডে সিরিজের পরও নিউজিল্যান্ডে থাকছেন ৩ পেসার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের মধ্যেই আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল গৌতম গম্ভীরের ভারত। হ্যামিলটনে মঙ্গলবার তৃতীয় ওয়ানডে বৃষ্টির জন্য বাতিল হয়েছে। এর পরে আরও দু’টো ওয়ানডে থাকবে। কিন্তু অতদিন পর্যন্ত অপেক্ষা করবে না ভারত। তার আগেই ভারতের কোচিং স্টাফরা ভাগাভাগি করে দু’টো টিমের দায়িত্ব নিয়ে ফেলবেন। সবকিছু ঠিকঠাক চললে, ভারতের হেডকোচ গৌতম গম্ভীর এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে ওয়ানডে টিমের সঙ্গে চলে যাবেন মাউন্ট মানগানুই। সিরিজের শেষ দু’টো ওয়ানডে-র তত্ত্বাবধান করবেন তাঁরা। আর ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবং ফাস্ট বোলিং কোচ মর্নি মর্কেল যোগ দেবেন টেস্ট দলের সঙ্গে। সিরিজ শুরুর আগে ওয়েলিংটনে ছাউনি ফেলবে ভারতের টেস্ট টিম। তাঁরা থাকবেন সেখানে। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে দু’ম্যাচের টেস্ট সিরিজ।
“বলছি না, এটাই চূড়ান্ত প্ল্যান। পরিকল্পনা ফের বদলাতেও পারে। তবে যতদূর আমি জানি, ওয়ানডে টিমের সঙ্গে গৌতম থাকছে। কারণ, আগামী বছরই ওয়ানডে বিশ্বকাপ। খুব সম্ভবত, ও আর সাইরাজ ওয়ানডে টিমের সঙ্গে থেকে যাবে,” সোমবার প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে বলে যান টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। সঙ্গে যোগ করেন, “যা ঠিক রয়েছে, আমি আর মর্নি ওয়েলিংটন যাব। কিন্তু আবারও বলছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গৌতমই। আমরা দেখব, টেস্ট টিমের অবস্থা কী রকম? প্লেয়ারদের ফিটনেস কোন জায়গায় রয়েছে? কতটা প্র্যাকটিস দরকার, সেই সব।” শুধু তাই নয়। যা ঠিক রয়েছে, টেস্ট টিমের প্রস্তুতির কথা ভেবে জনা তিনেক পেসারকেও রেখে দেবে ভারত। যাঁরা কি না এই মুহূর্তে ওয়ানডে টিমের সঙ্গে রয়েছেন। অর্শদীপ সিং, গুর্নুর ব্রার এবং আকিব নবি সম্ভবত থেকে যাবেন। টেস্ট টিমকে প্রস্তুতি দিতে।
খবর যা, তাতে কোটাক-মর্কেলের সঙ্গে বেশ কিছু ভারতীয় প্লেয়ারও ওয়ানডে টিম ছেড়ে টেস্ট দলের প্রস্তুতিতে যোগ দিতে চলে যাবেন। যেমন অধিনায়ক শুভমান গিল। যেমন কেএল রাহুল। বোলারদের মধ্যে অংশুল কম্বোজ, মম্মদ সিরাজ, কুলদীপ যাদবও ওয়েলিংটন চলে যাবেন। তাঁরা কেউই চতুর্থ এবং পঞ্চম ওয়ান ডে-তে থাকবেন না। গম্ভীর-সহ বাকিরা ওয়ানডে সিরিজ শেষ করে ওয়েলিংটন আসবেন ১৬ নভেম্বর। টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দিতে।
কিন্তু গম্ভীর-বিহীন অবস্থায় কোটাক ঠিক কী করবেন? কী প্রস্তুতি দেবেন টিমকে? “আমি বেশ কয়েকটা বিষয় ভেবেছি। কয়েকটা ‘সিমুলেশন’ প্র্যাকটিস করাব টিমকে। দেখুন, টস হেরে যদি ব্যাট করতে হয় আমাদের টেস্টে, তা হলে তার প্রস্তুতি শর্ত আলাদা হবে। আবার যদি প্রথমে বল করি, সেটার প্রস্তুতি ভিন্ন হবে। আবার তৃতীয় এবং চতুর্থ ইনিংস আলাদা হবে। তাই আমাদের একাধিক বিষয় মাথায় রেখে ট্রেনিং করতে হবে,” বলতে থাকেন কোটাক। যেমন? “যেমন টস হারলে কী করা উচিত আর জিতলে কী, সে সব। উইকেট কেমন আচরণ করছে, আবহাওয়া কেমন, বোলারদের কার ভূমিকা কী হবে, কতটা লম্বা স্পেল তারা বোলিং করবে, সেই সমস্ত হিসেবপত্র করব আমি। তারপর ব্যাটারদের নিয়ে আলাদা সেশন রয়েছে। আপনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে যে ভাবে কথা বলবেন, কেএল রাহুলের সঙ্গে অবশ্যই সে ভাবে বলবেন না। শুভমান-পন্থকে আবার প্রস্তুত করার ধরনটা আলাদা। তাই ব্যক্তি ধরে ধরে আমাদের পরিকল্পনা করতে হবে। কার কোনটা শক্তি, কে কোন শট খেলতে ভালোবাসে, পরিবেশ অনুযায়ী কার কোন শট বাদ দেওয়া যায়, সব কিছু নিয়ে বিস্তারিত পরিকল্পনা করতে হবে। একটা জিনিস বলি। আমার মনে হয়, নিউজিল্যান্ডে যে রকম পিচ হয়, যে রকম পরিবেশ থাকে, তাতে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাবে। ওয়ানডে-র পর দু’টেস্টের সিরিজ সত্যিই আকর্ষণীয় হবে,” সংযোজন ভারতীয় ব্যাটিং কোচের।
শেয়ার
লিংক



