0%

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের বিজেপি নেতার

সবদিক নিউজ: আরও চাপ বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। এবার তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ২০১৮ সালের একটি মারধরের ঘটনার প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। অভিজিৎ দাস দীর্ঘদিনের বিজেপি কর্মী। দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে তিনি পরিচিত মুখ। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। তবে যে ঘটনার ভিত্তিতে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে, তা ২০১৮ সালের।

অভিযোগ, ২০১৮ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্ত সহায়কের পরিকল্পনায় অভিজিৎ দাসের উপর হামলা চালানো হয়েছিল। ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি বিজেপি নেতার। তাঁর অভিযোগ, মারধরের জেরে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। কিন্তু সেই সময় কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেননি।অভিজিতের দাবি, ওই ঘটনার পর তিনি পুলিশে অভিযোগ করেছিলেন। কিন্তু তৃণমূল সরকারের আমলে পুলিশ কোনও পদক্ষেপ করেনি। মঙ্গলবার রাতে সেই পুরনো ঘটনার বিচার চেয়ে ফের পুলিশের দ্বারস্থ হন তিনি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিজিৎ দাস ওরফে ববি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি পঙ্গু হয়ে গিয়েছি। এখনও সিঁড়ি দিয়ে উঠতে পারি না। অভিষেক আর ওর আপ্ত সহায়ক পুরো পরিকল্পনা করে আমার উপর হামলা করিয়েছিল। তখনও পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু কোনও লাভ হয়নি। এবার সুবিচার হবে।” রাজনৈতিক মহলের মতে, তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় চাপে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরনো দুর্নীতির অভিযোগের পাশাপাশি সাম্প্রতিক সই জাল কাণ্ডেও তাঁর নাম জড়িয়েছে। এই মামলায় সিআইডি তাঁকে একাধিকবার তলব করলেও তিনি হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। তার মধ্যেই ভোট প্রচারে অশান্তিতে উসকানির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker