পুরনো মামলার ফাইল খুলতেই মমতাকে ডাক পুলিশের! জানেন আসলে কী রয়েছে দিল্লির নোটিশে?

SOBDIK NEWS: ২০১৩ সালের একটি পুরনো মামলার তদন্তে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পৌঁছল দিল্লি পুলিশের নোটিশ। কালীপুজোর রেশ কাটতে না কাটতেই সোমবার কালীঘাটের বাড়িতে পুলিশের এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘ ১৩ বছর আগের ঘটনার সূত্র ধরে কেন এখন এই পদক্ষেপ, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দিল্লি পুলিশের নোটিশ
সোমবার বিকেলে কালীঘাট থানার পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে যান দিল্লি পুলিশের আধিকারিকরা। তাঁদের হাতে ছিল পার্লামেন্ট স্ট্রিট থানায় নথিভুক্ত একটি মামলার নোটিস। ২০১৩ সালের ওই ঘটনায় সরকারি কাজে বাধা সৃষ্টি এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো অভিযোগের উল্লেখ রয়েছে।
মামলার তদন্তের প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রেকর্ড করতে চায় দিল্লি পুলিশ। তবে তাঁর সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করেই সাক্ষ্য নেওয়া হবে বলে সূত্রের খবর।ওই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত নয়, বরং সাক্ষী হিসেবে বক্তব্য জানানোর জন্য নোটিস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : বন্দে ভারত স্লিপারে টিকিট কাটার নিয়ম বদল, কনফার্ম না হলে কী হবে?
এত পুরনো একটি মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিষয়টি নিয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, “এতদিন কেন ডাকা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সেই উত্তর দিল্লি পুলিশ দেবে। ওদের তো আলাদতে নিশ্চয়ই জানাতে হবে। ভারতের আইনের কাছে সকল নাগরিক সমান।”
কালীঘাটের বাড়িতে পুলিশের যাতায়াত অবশ্য এই প্রথম নয়। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর গত কয়েক মাসে একাধিকবার সেখানে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কখনও পুলিশের উপস্থিতি, কখনও সিবিআইয়ের তৎপরতা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিভিন্ন মামলার আইনি প্রক্রিয়াকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করে আসছে তৃণমূল শিবির। এবার ১৩ বছরের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। তবে এই পদক্ষেপের পিছনে কী কারণ রয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা এখনও সামনে আসেনি।



