0%

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, জামিন পাওয়ার পরদিনই মৃত্যু

ঢাকা, ১০ নভেম্বর : বাংলাদেশে কারাগারে আওয়ামী লীগ নেতাদের একের পর এক মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই ফের এক দলীয় নেতার হেফাজতে মৃত্যু হল। কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু হয়েছে আওয়ামী লীগের ৭৫ বছর বয়সি নেতা রঞ্জিত কুমার ঘোষের। উল্লেখযোগ্য বিষয়, মৃত্যুর ঠিক একদিন আগেই তিনি জামিন পেয়েছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট জাহানারা বেগম জানিয়েছেন, সোমবার সকালে রঞ্জিতের শারীরিক অবস্থার আচমকা অবনতি ঘটে। এরপর কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার রঞ্জিত কুমার ঘোষ জামিন পেলেও প্রয়োজনীয় মুক্তির ছাড়পত্র দিনের শেষে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি। ফলে জামিন পাওয়ার পরও তাঁকে কারাগারে থাকতে হয়েছিল।

পরিবারের সদস্যদের দাবি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান সংক্রান্ত একটি মামলায় পুলিশ তাঁকে আটক করেছিল। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের আগস্ট মাস থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার রঞ্জিতের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ। দলটির অভিযোগ, জামিন মঞ্জুর হওয়ার পরও ওই প্রবীণ নেতাকে মুক্তি না দেওয়ার ঘটনা বাংলাদেশের কারাগারে মৃত্যুর ক্রমবর্ধমান প্রবণতারই একটি উদ্বেগজনক উদাহরণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগ জানায়, “গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন এমন একজন প্রবীণ রাজনৈতিক নেতা মাসের পর মাস কারাগারে ছিলেন। জামিন পাওয়ার পরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। পরিবারের কাছে ফিরে যাওয়ার পরিবর্তে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাংলাদেশের কারাগারে ক্রমবর্ধমান মৃত্যুর উদ্বেগজনক তালিকায় তাঁর মৃত্যুও যুক্ত হল।”

দলটির আরও অভিযোগ, এমন একটি দেশে রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কারাবন্দি থাকতে হলে, জামিন পাওয়ার পরও মুক্তি নিশ্চিত না হলে এবং কারা হেফাজতে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকলে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবি বিশ্বাসযোগ্য হতে পারে না।

আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে, “এটাই আজকের বাংলাদেশের বাস্তবতা—ন্যায়বিচার, জবাবদিহি এবং আইনের শাসনের গভীর সংকট। এটি গণতন্ত্র নয়, বরং আইনহীনতা। রঞ্জিত কুমার ঘোষের প্রাপ্য ছিল মর্যাদা, যথাযথ চিকিৎসা এবং আইনের সুরক্ষা। তাঁর মৃত্যুর ঘটনায় একটি স্বাধীন তদন্ত, কোনও ধরনের অনিয়মের জন্য পূর্ণাঙ্গ জবাবদিহি এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক বন্দির সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণ নিয়ে জরুরি পর্যালোচনা প্রয়োজন। বেঁচে থাকার অধিকার কোনও রাজনৈতিক সুযোগ-সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker