জারি হয়েছে চালান, অথচ আদায় হয়নি জরিমানা! সরকারি কোষাগারের জন্য বড় ধাক্কা

বাংলা হান্ট ডেস্ক: রাস্তাঘাটে চলাচলের সময়ে ট্রাফিক আইন (Traffic Challan) এবং অন্যান্য নিয়ম অমান্য করলে সেক্ষেত্রে কাটা হয় চালান। যার পরিপ্রেক্ষিতে জরিমানা প্রদান করতে হয়। যদিও, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্য পর্যায়ে প্রয়োগের অভাব এবং প্রাতিষ্ঠানিক বাধার কারণে চালান থেকে সরকারের (Government) আয় (Revenue) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৬ সালের প্রথম ১০ মাসে মাত্র ১৭.৮ শতাংশ চালান নিষ্পত্তি হয়েছে। যেখানে ২০২২ সালের একই সময়ে এই হার ছিল ৫৩.৩ শতাংশেরও বেশি। চালান থেকে আয়ও ৪ বছর আগের ৫১.৫ শতাংশ থেকে কমে ১৬.৭ শতাংশে নেমে এসেছে। এমতাবস্থায়, নাম প্রকাশ না করার শর্তে একজন শিল্প বিশেষজ্ঞ ET-কে জানিয়েছেন যে, প্রাতিষ্ঠানিক অদক্ষতা বা রাজনৈতিক চাপের কারণে আইন প্রয়োগ দুর্বল হয়ে পড়েছে। এর ফলে নিরাপত্তার দিকগুলি অবহেলিত হচ্ছে। যার পরিণতিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং দূষণের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।
জারি হয়েছে চালান (Traffic Challan), অথচ আদায় হয়নি জরিমানা!
১০ মাসের চালান ও রেভিনিউয়ের পরিসংখ্যান: জানিয়ে রাখি যে, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, জানুয়ারি-অক্টোবরের সময়কালে জারি করা ৯০.৪ মিলিয়ন চালানের মধ্যে মাত্র ১৬.১ মিলিয়ন নিষ্পত্তি করা হয়েছে এবং ৭৪.২ মিলিয়ন চালান এখনও বিচারাধীন রয়েছে। এই সময়কালে মোট ১৬,৯০৩.৯৩ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছিল। যার মধ্যে কর্তৃপক্ষ মাত্র ২,৮২৪.৩৮ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে। ফলে ১৪,০৭৯.৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে। একজন সরকারি আধিকারিকের মতে, স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বিপুল সংখ্যক ই-চালান জারি করার কারণেই ট্রাফিক চালান নিষ্পত্তির হার কমে গেছে। একইসঙ্গে, ট্রাফিক পুলিশ, পরিবহণ বিভাগ এবং আদালতের সক্ষমতা ক্রমবর্ধমান নিয়ম লঙ্ঘনের সংখ্যার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে।
১১ বছরে চালানের পরিমাণ: উল্লেখ্য যে, ET-র রিপোর্টে ওই আধিকারিক আরও জানান যে, এক্ষেত্রে একটি বড় প্রাতিষ্ঠানিক বাধা রয়েছে। যেহেতু চালান পরিশোধ না করার জন্য কোনও কঠোর শাস্তি নেই, তাই চালকরা মনে করেন যে তাঁরা জরিমানা না দিয়েই পার পেয়ে যেতে পারবেন। ২০২৬ সালের প্রথম ১০ মাসে, আদালতে পাঠানো ১ কোটি ৪৩ লক্ষ মামলার মধ্যে মাত্র ৮ লক্ষ (বা ২.৯ শতাংশ) নিষ্পত্তি হয়েছে। ফলে এখনও ১ কোটি ৩৪ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। তথ্য থেকে দেখা যায় যে ২০১৫ সাল থেকে ইনফোর্সমেন্ট এজেন্সিগুলি ৪৯৫.৭ মিলিয়ন ই-চালান জারি করেছে, যার মোট জরিমানার পরিমাণ ৭৬,৬৮৬.২ কোটি টাকা (প্রায় ১.২ বিলিয়ন ডলার)। তবে, ৩০৫.৪ মিলিয়ন জরিমানা অপরিশোধিত রয়েছে। যার মোট পরিমাণ ৫০,২২৬.১ কোটি টাকা (প্রায় ১.২ বিলিয়ন ডলার)। গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ট্রাফিক জরিমানা পরিশোধে ব্যর্থ মোটরচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর এই পরিসংখ্যানগুলি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: ভাঙল গত বছরের রেকর্ড! শুধুমাত্র দীপাবলির দিনেই UPI-র মাধ্যমে ৯১.৬৯ কোটি লেনদেন
সুপ্রিম কোর্ট কঠোর নির্দেশ জারি করেছে: জানিয়ে রাখি যে, গত অক্টোবরে জারি করা চালানের সংখ্যা তার আগের মাসের মতোই ৮৩ লাখে অপরিবর্তিত ছিল। এদিকে, গত মাসে ৮ লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। যা সেপ্টেম্বরে ছিল ১০ লক্ষ। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট আধিকারিকদের বকেয়া চালান থাকা যানবাহন সম্পর্কিত অনলাইন পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন রিনুয়াল, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান এবং ফিটনেস সার্টিফিকেট প্রদান।
আরও পড়ুন: অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন সূর্যকুমারের! সপরিবারে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে
আদালত কর্তৃপক্ষকে পরিবহণ পোর্টালে এই ধরনের যানবাহনগুলিকে ব্ল্যাকলিস্ট করতে, মালিকানা হস্তান্তর রোধ করতে এবং বকেয়া ট্রাফিক জরিমানা পরিশোধ না করা পর্যন্ত পলিউশন আন্ডার কন্ট্রোল তথা PUC সার্টিফিকেট ইস্যু না করার নির্দেশও দিয়েছে। এছাড়াও একাধিকবার আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে, ড্রাইভিং লাইসেন্স রিনুয়াল স্থগিত করা উচিত এবং বিদ্যমান লাইসেন্সগুলিও স্থগিত করার পদক্ষেপ নেওয়া উচিত।



